• ঢাকা
  • মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:০৩ এএম


‘ইরান কখনো আত্মসমর্পণ করবে না’, যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা পেজেশকিয়ানের

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১১ জুন ২০২৬ ১২:৫২ পিএম

যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা ঘটলেও ইরান কখনো আত্মসমর্পণ করবে না বলে দৃঢ় অবস্থান ব্যক্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার প্রেক্ষাপটে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, ইরানের স্বাধীনতা, মর্যাদা ও ভূখণ্ড রক্ষায় দেশটি কোনো চাপের কাছে নতি স্বীকার করবে না। খবর মিডল ইস্ট আইয়ের।

প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, “যুদ্ধ কখনোই কোনো দেশের স্বার্থে নয়। তবে যদি কেউ মনে করে ইরানের মর্যাদা, ভূখণ্ড ও মাতৃভূমির ওপর আঘাত হেনে দেশটিকে আত্মসমর্পণ করতে বাধ্য করা যাবে, তাহলে সেটি সম্পূর্ণ ভুল ধারণা।”

গাজার পরিস্থিতির উদাহরণ টেনে তিনি বলেন, “তিন বছর ধরে একটি ছোট উপত্যকাকেও তারা আত্মসমর্পণে বাধ্য করতে পারেনি। সুতরাং ইরানকে একইভাবে পরাজিত করা সম্ভব নয়।”

এর মধ্যেই ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানের একাধিক লক্ষ্যবস্তুতে নতুন হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।

এর জবাবে তেহরান দাবি করেছে, তারা বাহরাইন, কুয়েত ও জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি এবং হরমুজ প্রণালিতে থাকা দুটি জাহাজে হামলা চালিয়েছে।

মার্কিন সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার গভীর রাতে ট্রাম্পের নির্দেশে এসব অভিযান পরিচালনা করা হয়। ওয়াশিংটনের ভাষ্য অনুযায়ী, ইরানের “অযৌক্তিক ও অব্যাহত আগ্রাসনের” জবাব হিসেবেই এই হামলা চালানো হয়েছে।

সাম্প্রতিক এই পাল্টাপাল্টি হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। আঞ্চলিক নিরাপত্তা ও বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থার ওপর এর প্রভাব নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে।

/এএসএফ