• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:১৭ এএম


হামের টিকা কিনতে ইউনিসেফকে ৪১২ কোটি টাকা দিচ্ছে সরকার

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১০ জুন ২০২৬ ৪:৩১ পিএম

দেশে হামের সংক্রমণ ও এ-সংক্রান্ত মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সরাসরি ক্রয় পদ্ধতিতে ইউনিসেফের কাছ থেকে টিকা কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ লক্ষ্যে চলতি অর্থবছরের প্রয়োজনীয় টিকা সংগ্রহে ৪১২ কোটি ৭১ লাখ টাকা বরাদ্দের অনুমোদন দেওয়া হয়েছে।

বুধবার (১০ জুন) সচিবালয়ে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ প্রস্তাব অনুমোদন পায়। অর্থ মন্ত্রণালয়ের প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ৯২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে আরও ৫৩৯ জন মারা গেছেন। ফলে গত তিন মাসে হাম এবং এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৩১ জনে।

একই সময়ের মধ্যে হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৬ হাজার ১৭০ জন। এর মধ্যে চিকিৎসা গ্রহণ শেষে হাসপাতাল ছেড়েছেন ৬২ হাজার ২৯২ জন রোগী।

বিএনপি সরকার ক্ষমতায় আসার কিছুদিন পরই দেশে হামের প্রাদুর্ভাব দেখা দিলে পরিস্থিতি মোকাবিলায় সরকারকে বেগ পেতে হয়। এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে টিকা ব্যবস্থাপনা নিয়ে সমালোচনার বিষয়টিও নতুন করে আলোচনায় আসে।

এর মধ্যে ঢাকায় ইউনিসেফের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স এক সংবাদ সম্মেলনে জানান, টিকার ঘাটতি নিয়ে মুহাম্মদ ইউনূস সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়কে পাঁচ থেকে ছয়টি চিঠি পাঠানো হয়েছিল। একই সঙ্গে এ বিষয়ে অন্তত ১০টি বৈঠকও অনুষ্ঠিত হয়।

তিনি বলেন, সম্ভাব্য টিকা সংকটের বিষয়ে সরকারকে বারবার সতর্ক করা হয়েছিল এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল।

জানা যায়, ২০২৪ সাল পর্যন্ত ইউনিসেফের মাধ্যমে সরাসরি ক্রয় পদ্ধতিতে টিকা সংগ্রহ করা হতো, যেখানে অর্থায়নের বড় অংশ আসত উন্নয়ন সহযোগীদের কাছ থেকে। তবে ২০২৫ সালে টিকা সংগ্রহ প্রক্রিয়া রাজস্ব বাজেটের আওতায় এনে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়।

এদিকে একই বৈঠকে পুলিশের কার্যক্রমে ব্যবহারের জন্য ২১২টি ডাবল কেবিন পিকআপ কেনার প্রস্তাবও অনুমোদন পেয়েছে। পাশাপাশি সার, গ্যাসোলিন এবং ফার্নেস অয়েল কেনার বিভিন্ন প্রস্তাবেও সম্মতি দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

/এসএন