• ঢাকা
  • মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:৪০ এএম


বৈরুতে হামলার নির্দেশ, ইরানকে ভয়াবহ পরিণতির হুমকি নেতানিয়াহুর

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৮ জুন ২০২৬ ১০:৫৮ পিএম

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও পাল্টাপাল্টি হামলার প্রেক্ষাপটে ইরান এবং তার মিত্রদের উদ্দেশে কঠোর বার্তা দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, অঞ্চলে ইরানের পক্ষে নতুন কোনো শক্তির ভারসাম্য বা কৌশলগত সমীকরণ গড়ে তুলতে দেবে না ইসরাইল।

লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সাম্প্রতিক রকেট হামলার জবাবে ইসরাইলি সামরিক বাহিনীকে বৈরুতে হামলার নির্দেশ দেওয়ার পাশাপাশি ইরানের বাণিজ্যিক লক্ষ্যবস্তুতেও আঘাত হানার নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন তিনি।

সম্প্রতি দেশবাসীর উদ্দেশে দেওয়া এক বিশেষ ভাষণে নেতানিয়াহু বলেন, ইরান ও তার মিত্র গোষ্ঠীগুলো দীর্ঘদিন ধরে ইসরাইলের ওপর চাপ সৃষ্টি করে মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য নিজেদের পক্ষে নেওয়ার চেষ্টা করছে। তবে ইসরাইলের নিরাপত্তা ও সার্বভৌমত্বের জন্য হুমকিস্বরূপ এমন কোনো পরিস্থিতি মেনে নেওয়া হবে না।

তিনি দাবি করেন, ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর হামলার পর ইসরাইল সরাসরি পাল্টা জবাব দেওয়ায় তেহরান পিছু হটতে বাধ্য হয়েছে এবং ইসরাইলি ভূখণ্ডে তাদের আক্রমণ বন্ধ করেছে। তার ভাষ্য, ইসরাইলের কঠোর অবস্থানই ইরানকে সাময়িকভাবে থামিয়ে দিয়েছে।

ইসরাইলি প্রধানমন্ত্রী আরও বলেন, ভবিষ্যতে ইরান যদি আবারও ইসরাইলের বিরুদ্ধে কোনো ধরনের হামলা চালানোর চেষ্টা করে, তাহলে তার জবাব হবে আরও কঠোর, ভয়াবহ ও ব্যাপক।

নেতানিয়াহু বলেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী নিজেদের রাষ্ট্র ও জনগণকে সুরক্ষা দেওয়ার পূর্ণ অধিকার ইসরাইলের রয়েছে। যেকোনো ধরনের আগ্রাসনের বিরুদ্ধে প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতে দেশটি প্রস্তুত।

মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে নেতানিয়াহুর এই বক্তব্য নতুন করে আঞ্চলিক পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সূত্র: আল-জাজিরা

/এএসএফ