• ঢাকা
  • বুধবার, ০৫ আগস্ট ২০২৬, ১২:০০ এএম


পঞ্চগড় সীমান্তে পুশ-ইন ব্যর্থ, তিন দিন পর নিজ দেশে ফিরিয়ে নিল বিএসএফ

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৮ জুন ২০২৬ ৭:৩৩ পিএম

পঞ্চগড় সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টার পর নোম্যান্সল্যান্ডে প্রায় ৭০ ঘণ্টা আটকে থাকা নারী ও শিশুসহ ১০ জনকে শেষ পর্যন্ত নিজেদের এলাকায় ফিরিয়ে নিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

জানা গেছে, গত শুক্রবার (৫ জুন) ভোর ৪টার দিকে ওই ১০ জনকে পঞ্চগড় সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে বিএসএফ। তবে সীমান্তে সতর্ক অবস্থানে থাকা বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাদের বাংলাদেশে প্রবেশ করতে না দিয়ে নোম্যান্সল্যান্ডে আটকে দেয়।

এরপর প্রায় তিন দিন ধরে খোলা আকাশের নিচে মানবেতর পরিস্থিতিতে সময় কাটাতে হয় তাদের। রোদ, বৃষ্টি ও ঝড়ের মধ্যেই নোম্যান্সল্যান্ডে অবস্থান করতে বাধ্য হন তারা। আটকে পড়াদের মধ্যে ছিলেন পাঁচজন পুরুষ, দুইজন নারী এবং তিনজন শিশু।

সীমান্ত পরিস্থিতি নিয়ে উত্তেজনার মধ্যেই রোববার দুপুরে আবারও ওই ১০ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। তবে এ সময়ও বিজিবি কঠোর অবস্থান গ্রহণ করে এবং পুশ-ইনের চেষ্টা প্রতিহত করে।

পরবর্তীতে বিজিবির অব্যাহত অবস্থান ও চাপের মুখে রোববার (৭ জুন) রাত ২টার পর বিএসএফ ওই ১০ জনকে নিজেদের সীমান্ত এলাকায় ফিরিয়ে নেয়।

নীলফামারীর ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, “ওই ১০ জনকে ফেরত নেওয়া হয়েছে। সীমান্তে পুশ-ইন ঠেকাতে বিজিবি তৎপর রয়েছে।”

/এসএন