• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৫৯ এএম


আদ-দ্বীন হাসপাতালকে আরও দুই দিন সময় দিল স্বাস্থ্য অধিদপ্তর

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৭ জুন ২০২৬ ১১:৪৭ পিএম

রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া কারণ দর্শানোর (শোকজ) নোটিশের জবাব দাখিলের জন্য আরও ৪৮ ঘণ্টা সময় পেয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

রোববার এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস।

তিনি জানান, আদ-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে অতিরিক্ত এই সময় মঞ্জুর করা হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী আগামীকাল বিকেল ৫টার মধ্যে হাসপাতাল কর্তৃপক্ষকে শোকজের লিখিত জবাব স্বাস্থ্য অধিদপ্তরে জমা দিতে হবে।

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় চিকিৎসায় অবহেলার অভিযোগ উঠে আসার পর হাসপাতালটির লাইসেন্স কেন বাতিল করা হবে না, সে বিষয়ে ব্যাখ্যা চেয়ে আদ-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষকে শোকজ নোটিশ দেয় স্বাস্থ্য অধিদপ্তর।

এর আগে রোববার বিকেল ৫টার মধ্যে ওই নোটিশের জবাব দিতে হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছিল। তবে সময় বৃদ্ধির আবেদন করায় তাদের আরও ৪৮ ঘণ্টা সময় দেওয়া হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে হাসপাতাল কর্তৃপক্ষকে শোকজের লিখিত জবাব দাখিল করতে হবে। সেই জবাব পর্যালোচনার ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।