মায়ের মৃত্যুর খবর পেয়ে শেষবারের মতো তাকে দেখতে গাজীপুর থেকে গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হয়েছিলেন রেশমা বেগম (২৫)। কিন্তু নিয়তির নির্মম পরিহাস, মায়ের মরদেহের কাছে পৌঁছানোর আগেই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন তিনি।
রোববার (৭ জুন) সকাল ৬টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের মধুখালী উপজেলার গোন্দারদিয়া এলাকায় মালেকা চক্ষু হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রেশমা বেগম সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার কোমরপুর গ্রামের আব্দুস সাত্তার গাজীর স্ত্রী। দুর্ঘটনায় আহত হয়েছেন তার স্বামী ও পাঁচ বছর বয়সী কন্যাশিশু।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মায়ের মৃত্যুসংবাদ পাওয়ার পর স্বামী ও সন্তানকে সঙ্গে নিয়ে গাজীপুর থেকে সাতক্ষীরার উদ্দেশে রওনা দেন রেশমা। প্রথমে বাসে করে ফরিদপুরে পৌঁছান তারা। পরে সেখান থেকে একটি প্রাইভেটকার ভাড়া করে গ্রামের বাড়ির পথে যাত্রা অব্যাহত রাখেন।
পথিমধ্যে মধুখালীর গোন্দারদিয়া এলাকায় পৌঁছালে প্রাইভেটকারের চালক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের একটি প্রাচীরে সজোরে ধাক্কা দেন। এতে রেশমা বেগম গুরুতর আহত হন।
খবর পেয়ে মধুখালী ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহুরুল ইসলাম জানান, দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে। পরিবারের আবেদনের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও জানান, দুর্ঘটনার পর গাড়িচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তাকে আটকের চেষ্টা চলছে এবং এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
/এএসএফ