রাজধানীর মগবাজারের বেসরকারি আদ্-দ্বীন হাসপাতালে কর্তৃপক্ষের অবহেলার কারণে মারা যাওয়া ছয় নবজাতকের প্রত্যেক পরিবারের জন্য ৮০ লাখ টাকা ক্ষতিপূরণ নির্ধারণ করা হয়েছে।
রোববার (৭ জুন) হাসপাতাল কর্তৃপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, “প্রত্যেক পরিবারকে ৮০ লক্ষ টাকা ক্ষতিপূরণ প্রদানের সিদ্ধান্ত হয়েছে। পূর্বে ঘোষিত অন্যান্য সুযোগ-সুবিধাও বহাল থাকবে। পরিবার ও কর্তৃপক্ষের যৌথ আলোচনায় এই ক্ষতিপূরণের পরিমাণ নির্ধারণ করা হয়েছে।”
এর আগে গত বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের তথ্য তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছিলেন, এই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতির প্রমাণ পাওয়া গেছে।
এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সংশ্লিষ্ট সময়ে চিকিৎসকের অনুপস্থিতি, নার্স ও অন্যান্য স্টাফদের দায়িত্বে অবহেলা এবং হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতির বিষয়টি তদন্তে স্পষ্টভাবে উঠে এসেছে।
উল্লেখ্য, ঈদের ছুটির মধ্যে গত ২৭ মে ভোরে আদ্-দ্বীন হাসপাতালের পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে একসঙ্গে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটে। ঘটনাটি দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয় এবং পরে এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়।
তদন্তের পর হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার বিষয়টি উঠে আসার পর ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য ক্ষতিপূরণ নির্ধারণ করা হয়েছে বলে জানানো হয়েছে।
/এসএন