• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:৩০ পিএম


শরীয়তপুরে নিষিদ্ধ আওয়ামী লীগের আকস্মিক মিছিল, শেখ হাসিনাকে ফেরানোর দাবি

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৬ জুন ২০২৬ ১১:৫৮ পিএম

শরীয়তপুরে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতা-কর্মীরা ঝটিকা মিছিল করেছেন। শনিবার বিকেলে শরীয়তপুর পৌরসভার প্রেমতলা এলাকায় ঢাকা-শরীয়তপুর সড়কে তাঁরা মিছিল বের করেন। এ ঘটনার ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, আওয়ামী লীগের নেতা-কর্মীরা দলীয় ব্যানার ও জাতীয় পতাকা হাতে নিয়ে ঢাকা-শরীয়তপুর সড়ক দিয়ে হেঁটে যাচ্ছেন। ব্যানারের সামনে একজন কর্মী জাতীয় পতাকা বহন করে বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন। মিছিলে শরীয়তপুর সদর উপজেলার পালং ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য সেলিম শেখকে নেতৃত্ব দিতে দেখা যায়।

মিছিল চলাকালে ওই ইউপি সদস্য নিজের ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচারও করেন। মিছিল থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা এবং আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানানো হয়। পাশাপাশি শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা এবং শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেনের নামে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত দুই সপ্তাহ ধরে শরীয়তপুরের বিভিন্ন এলাকায় দু-এক দিন পরপর আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা কর্মসূচি পালন করছেন। গত সোমবার সকালে জেলা শহরের প্রধান সড়কে স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা মিছিল করেন। এর আগে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে জেলার পাঁচটি স্থানে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা মিছিল করেছিলেন।

মিছিলের বিষয়ে জানতে পালং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সেলিম শেখের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। খুদে বার্তা পাঠানো হলেও কোনো সাড়া মেলেনি।

নাম প্রকাশ না করার শর্তে পালং ইউনিয়ন যুবলীগের এক নেতা প্রথম আলোকে বলেন, ‘বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে আমাদের হয়রানি করা হচ্ছে। আমরা এর প্রতিবাদ জানাতে রাজপথে নেমেছি। এখন থেকে নিয়মিত আমাদের কর্মসূচি চলবে। দলের নিষেধাজ্ঞা প্রত্যাহার না হওয়া পর্যন্ত ঝটিকা মিছিলসহ বিভিন্ন কর্মসূচি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

এ বিষয়ে শরীয়তপুর সদর উপজেলার পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, ‘নিষিদ্ধ কোনো সংগঠন শরীয়তপুরে মিছিল করেছে, এমন তথ্য আমাদের কাছে নেই। আমরা বিষয়টি খোঁজ নিয়ে দেখছি। যদি এমন ঘটনা ঘটে থাকে, তাহলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’