• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:০০ পিএম


স্বামীর লাশ নিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন স্ত্রীও

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৩ জুন ২০২৬ ১:৪৯ পিএম

স্বামীর মরদেহ নিয়ে রাজধানী ঢাকা থেকে গ্রামের বাড়িতে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন স্ত্রীও। নড়াইল সদর উপজেলার পূর্ব বালিয়াডাঙ্গা এলাকায় অ্যাম্বুলেন্স ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এতে নিহত হয়েছেন এক নারী ও অ্যাম্বুলেন্সচালক।

আহত হয়েছেন আরও পাঁচজন।বুধবার (৩ জুন) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-নড়াইল মহাসড়কের পূর্ব বালিয়াডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন যশোরের পুলেরহাট এলাকার মৃত ইসমাইল হোসেনের স্ত্রী জাহানারা বেগম (৫৫) এবং অ্যাম্বুলেন্সচালক মো. আকবর হোসেন (২৯)। আকবর লক্ষ্মীপুরের রামগাতী উপজেলার পূর্ব চর কলা কোপা গ্রামের বাসিন্দা।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশ স্টাফ কলেজে কর্মরত উপপরিদর্শক (এসআই) তাহের হোসেনের বাবা ইসমাইল হোসেন বুধবার ভোরে রাজারবাগ পুলিশ হাসপাতালে মারা যান। পরে তার মরদেহ নিয়ে অ্যাম্বুলেন্সে করে স্ত্রী জাহানারা বেগম ও পরিবারের সদস্যরা যশোরের উদ্দেশে রওনা হন।

পথে নড়াইল সদর উপজেলার পূর্ব বালিয়াডাঙ্গা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে অ্যাম্বুলেন্সটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই জাহানারা বেগমের মৃত্যু হয়।দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নেওয়া হলে সেখানে অ্যাম্বুলেন্সচালক আকবর হোসেনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

আহতদের মধ্যে রয়েছেন এসআই তাহের হোসেন, সেলিম, মিন্টু, তানভীর এবং বাসযাত্রী সায়েরা। তাদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুণ্ডু জানান, দুর্ঘটনায় এক পুলিশ কর্মকর্তার মা ঘটনাস্থলেই নিহত হন এবং পরে হাসপাতালে নেওয়ার পথে অ্যাম্বুলেন্সচালকের মৃত্যু হয়। দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে। পলাতক বাসচালককে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

/বিএসএস