• ঢাকা
  • সোমবার, ০৩ আগস্ট ২০২৬, ০৭:০২ পিএম


মা-বাবাকে ভুলিয়ে দেয় যে ‘সফলতা’, তা আমাদের প্রয়োজন নেই: শায়খ আহমাদুল্লাহ

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২ জুন ২০২৬ ১০:২২ পিএম

রাজধানীর মিরপুরে ৭২ বছর বয়সী নুরজাহান বেগমের পচাগলা মরদেহ উদ্ধারের ঘটনাটি দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। উচ্চশিক্ষিত ও প্রতিষ্ঠিত তিন সন্তানের জননী হওয়া সত্ত্বেও জীবনের শেষ সময়ে তার এমন করুণ পরিণতি বিবেকবান মানুষের মনে গভীর নাড়া দিয়েছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন ও কঠোর বার্তা দিয়েছেন জনপ্রিয় ইসলামি আলোচক শায়খ আহমাদুল্লাহ।

মঙ্গলবার (২ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। সেখানে তিনি লেখেন, “সাত-আট দিন আগে যে বৃদ্ধা মরে পচে গেছেন, তার এক ছেলে বুয়েট শিক্ষক, আরেকজন যুগ্মসচিব, অন্যজন কানাডা-প্রবাসী। বাবা-মা সন্তানকে যে সফলতার স্বপ্নচূড়ায় দেখতে চান, তাদের তিন ছেলেই সেই চূড়া স্পর্শ করেছে। কিন্তু ক্যারিয়ারের পেছনে ছুটতে ছুটতে মা বেঁচে আছেন না মরে গেছেন, সেই খোঁজ নেওয়ার সুযোগটুকুও সন্তানদের হয়নি।”

বস্তুগত সাফল্যের সীমাবদ্ধতা তুলে ধরে তিনি আরও বলেন, “যে সফলতা বাবা-মার ভালোবাসাকে ভুলিয়ে দেয়, যে সফলতা মৃত্যুর সময় মায়ের মাথার কাছে এক আঁজলা পানি নিয়ে বসার ফুরসত দেয় না, আমাদের প্রয়োজন নেই এমন সফলতার।”

সমাজে নৈতিকতা ও মানবিক মূল্যবোধের গুরুত্বের ওপর জোর দিয়ে শায়খ আহমাদুল্লাহ লেখেন, “দীন, মূল্যবোধ, নৈতিকতা এবং মানুষ হওয়ার শিক্ষাকে পাশ কাটিয়ে যতদিন আমরা শুধু বৈষয়িক সফলতার পেছনে ছুটব, ততদিন এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আমাদের দেখে যেতে হবে। আসুন, শিক্ষিত হওয়ার আগে মানুষ হই। সন্তানকে শিক্ষিত বানানোর আগে মানুষ বানাই।”

উল্লেখ্য, রোববার (১ জুন) গভীর রাতে রাজধানীর মিরপুর-১১ এলাকার একটি বাসা থেকে নুরজাহান বেগমের মরদেহ উদ্ধার করে পল্লবী থানা পুলিশ। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, প্রায় সাত থেকে আট দিন আগেই তার মৃত্যু হয়েছিল। দীর্ঘ সময় ধরে তার কোনো খোঁজখবর না নেওয়া এবং পারিবারিক দায়িত্বহীনতার কারণেই এমন মর্মান্তিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

/এসএন