জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নে ঈদুল আজহা উপলক্ষে সরকারি ভিজিএফ কার্ড বিতরণকে কেন্দ্র করে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে। স্থানীয় বিএনপি নেতাদের কাছে হাজার হাজার ভিজিএফ কার্ড হস্তান্তরের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকাজুড়ে সমালোচনার ঝড় ওঠে। পরে পরিস্থিতি সামাল দিতে কার্ডগুলো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে ফেরত দেওয়া হয়েছে বলে জানা গেছে।
ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (২১ মে) বগারচর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোহেল রানা পলাশ মোট ৪ হাজার ২৪টি ভিজিএফ কার্ড স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের কাছে হস্তান্তর করেন। তবে এ ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও বিতর্ক ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় বগারচর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বেলায়েত হোসেন বুলাল বলেন, চেয়ারম্যান কার্ডগুলো দেওয়ার পরপরই তারা উপজেলা বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনা করেন। যেহেতু দলীয়ভাবে এ ধরনের কার্ড নেওয়ার কোনো নির্দেশনা ছিল না, তাই বিতর্ক এড়াতে তারা কার্ডগুলো চেয়ারম্যানের কাছেই রেখে চলে আসেন।
তিনি আরও বলেন, স্থানীয় বিএনপির কেউ কোনো ভিজিএফ কার্ড গ্রহণ করেননি।
বকশীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্সও একই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কোনো কাজ করার সুযোগ তাদের নেই।
অন্যদিকে, এ বিষয়ে জানতে বগারচর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোহেল রানা পলাশের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
তবে বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন জানিয়েছেন, বিষয়টি জানার পর কার্ডগুলো ফেরত নেওয়া হয়েছে। তিনি বলেন, সরকারি নিয়ম অনুযায়ী যাচাই-বাছাই করে প্রকৃত উপকারভোগীদের মধ্যেই ভিজিএফ কার্ড বিতরণ করা হবে।
/এসএন