• ঢাকা
  • মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:১৫ এএম


ইরানের ইউরেনিয়াম স্থাপনা ভেঙে ফেলার কথা বললেন নেতানিয়াহু

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৪ মে ২০২৬ ১১:২৭ পিএম

ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না বলে পুনর্ব্যক্ত করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার এ বিষয়ে পূর্ণ ঐকমত্য হয়েছে। ইরানের সঙ্গে যেকোনো চূড়ান্ত চুক্তিতে দেশটির পারমাণবিক হুমকি সম্পূর্ণভাবে দূর করার বিষয়টি নিশ্চিত করতে চান তারা।

রোববার (২৪ মে) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে নেতানিয়াহু বলেন, এর অর্থ হচ্ছে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনাগুলো ভেঙে ফেলা হবে এবং সমৃদ্ধ পারমাণবিক উপাদান দেশটির ভূখণ্ড থেকে সরিয়ে নেওয়া হবে।

তিনি আরও বলেন, ‘আমার নীতি এবং প্রেসিডেন্ট ট্রাম্পের নীতি একই—ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্র পাবে না।’

ইসরাইলি প্রধানমন্ত্রী জানান, গত রাতে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে তার ফোনে কথা হয়েছে। ওই আলোচনায় হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য একটি সমঝোতা স্মারক এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে সম্ভাব্য চূড়ান্ত চুক্তির বিষয় উঠে আসে। একই সঙ্গে ট্রাম্প আবারও ইসরাইলের আত্মরক্ষার অধিকারের প্রতি সমর্থন জানিয়েছেন বলেও উল্লেখ করেন নেতানিয়াহু।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার আলোচনায় অগ্রগতির খবরের মধ্যেই নেতানিয়াহুর এই মন্তব্য সামনে এলো। বিশ্লেষকদের মতে, সম্ভাব্য চুক্তিকে কেন্দ্র করে কূটনৈতিক তৎপরতা বাড়লেও ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ওয়াশিংটন ও তেল আবিব এখনো কঠোর অবস্থানে রয়েছে।

এদিকে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি ও সম্ভাব্য চুক্তি নিয়ে যে আলোচনা চলছে, সেখানে ইসরাইলকে অন্তর্ভুক্ত করা হয়নি বলে জানা গেছে। এতে স্বাভাবিকভাবেই অসন্তুষ্ট দখলদার দেশটি। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক নিয়ে উদ্বেগ কমানোর চেষ্টা করছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।