• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:২২ পিএম


ইউরোপ কাঁপানো ট্রান্সফারের ইঙ্গিত, চেলসির নিশানায় এমবাপ্পে

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৪ মে ২০২৬ ৬:১৩ পিএম

ইউরোপিয়ান ফুটবলে বড় ধরনের আলোড়ন তুলতে পারে এমন এক ট্রান্সফারের গুঞ্জন ছড়িয়ে পড়েছে। ইংলিশ জায়ান্ট চেলসি এবার নজর দিয়েছে রিয়াল মাদ্রিদ তারকা কিলিয়ান এমবাপ্পে-র দিকে।ব্রিটিশ গণমাধ্যম টকস্পোর্টের বরাত দিয়ে ম্যাচডে সেন্ট্রাল জানিয়েছে, স্ট্যামফোর্ড ব্রিজে নতুন যুগ শুরু করতে বড়সড় পরিকল্পনা করছেন সদ্য নিয়োগ পাওয়া কোচ জাবি আলোনসো।

আর সেই পরিকল্পনার কেন্দ্রবিন্দুতেই রয়েছেন এমবাপ্পে।সম্প্রতি চার বছরের চুক্তিতে চেলসির দায়িত্ব নিয়েছেন আলোনসো। রিয়াল মাদ্রিদে কাজ করার সময় থেকেই এমবাপ্পের সামর্থ্য সম্পর্কে ভালো ধারণা রয়েছে তার।

তাই ব্যক্তিগতভাবেও এই ফরাসি সুপারস্টারকে দলে টানতে বেশ আগ্রহী স্প্যানিশ এই কোচ।চলতি মৌসুমে দুর্দান্ত ছন্দে রয়েছেন এমবাপ্পে। সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৪ ম্যাচে করেছেন ৪২ গোল, পাশাপাশি রয়েছে ৭টি অ্যাসিস্ট। ট্রান্সফারমার্কেটের তথ্য অনুযায়ী, তার বর্তমান বাজারমূল্য প্রায় ২০০ মিলিয়ন ইউরো।তবে এই ট্রান্সফার বাস্তবায়ন মোটেও সহজ হবে না।

রিয়াল মাদ্রিদ এমবাপ্পেকে তাদের ভবিষ্যৎ প্রকল্পের অন্যতম প্রধান অংশ হিসেবে দেখছে। ফলে তাকে দলে ভেড়াতে হলে চেলসিকে গুনতে হতে পারে রেকর্ড পরিমাণ অর্থ।তবু ইউরোপীয় ফুটবলে নতুন শক্তি হয়ে উঠতে মরিয়া চেলসি। আর এমবাপ্পের মতো বিশ্বতারকাকে দলে আনতে পারলে সেটি হবে ক্লাবটির ইতিহাসের অন্যতম বড় ট্রান্সফার।

/বিএসএস