• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:৩৫ এএম


সিলেটে মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতে র‍্যাব সদস্য নিহত

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২২ মে ২০২৬ ৭:৪৭ পিএম

সিলেট নগরে এক মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতে ইমন আচার্য নামে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব-৯) এক সদস্য নিহত হয়েছেন। শুক্রবার দুপুর সোয়া ১২টার দিকে নগরের কোতোয়ালি মডেল থানার পাশের তোপখানা এলাকায় এ ঘটনা ঘটে।নিহত ইমন আচার্য র‍্যাব-৯–এর কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। ঘটনার পরপরই অভিযুক্ত আসাদুল আলম বাপ্পীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মুহাম্মদ মাইনুল জাকির জানান, দুপুরে কিনব্রিজ এলাকায় কয়েকজন চিহ্নিত মাদক ব্যবসায়ী প্রকাশ্যে মাদক সেবন ও বিক্রি করছিলেন। খবর পেয়ে পুলিশের একটি টহল দল সেখানে অভিযান চালালে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।এ সময় আসাদুল আলম বাপ্পী তোপখানা এলাকার দিকে দৌড়ে পালাচ্ছিলেন।

ওই এলাকায় দায়িত্বরত না থাকলেও পায়চারি করছিলেন র‍্যাব সদস্য ইমন আচার্য। তিনি বাপ্পীকে আটকানোর চেষ্টা করলে অভিযুক্ত তাঁর বুকের বাম পাশে ছুরিকাঘাত করে।পরে গুরুতর আহত অবস্থায় ইমন আচার্যকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় দুপুর দেড়টার দিকে তিনি মারা যান।

পুলিশ জানায়, ছুরিকাঘাতের পর পালানোর সময় বাপ্পী তোপখানার একটি বাসায় ঢুকে এক শিশুর গলায় ছুরি ধরে পরিবারের সদস্যদের জিম্মি করার চেষ্টা করেন। পরে পুলিশ কৌশলে অভিযান চালিয়ে তাঁকে আটক করে। এ সময় তাঁর কাছ থেকে ব্যবহৃত ছুরিটিও উদ্ধার করা হয়।ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

/বিএসএস