কুমিল্লায় হাম উপসর্গে আক্রান্ত হয়ে সামিয়া আক্তার নামে আট মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২০ মে) কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বৃহস্পতিবার (২১ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. পিয়াস আহমেদ।
মৃত সামিয়া আক্তার কুমিল্লার দেবিদ্বার উপজেলার ইউসুফপুর গ্রামের শাহাদাত হোসেনের মেয়ে।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের বিভাগীয় প্রধান ডা. মিয়া মনজুর আহমেদ জানান, শিশু সামিয়া গত পাঁচ থেকে ছয় দিন ধরে জ্বরে আক্রান্ত ছিল। অবস্থার অবনতি হলে বুধবার দুপুর ১২টা ৩৫ মিনিটে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
তিনি আরও জানান, চিকিৎসাধীন অবস্থায় বুধবার বিকাল সোয়া ৪টার দিকে সামিয়া আক্তারের মৃত্যু হয়।
এদিকে কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. পিয়াস আহমেদ বলেন, চলতি বছরে জেলায় এ পর্যন্ত হাম ও হাম উপসর্গে মোট ১০ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হাম আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে এবং হাম সন্দেহে মারা গেছে আরও নয়জন।