• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:২৭ পিএম


দুই রোনালদো, এক স্বপ্ন—পর্তুগিজ ফুটবলে নতুন ইতিহাসের অপেক্ষা

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৪ মে ২০২৬ ১০:০৫ এএম

পর্তুগিজ ফুটবলে এখন যেন একই সঙ্গে বইছে দুই প্রজন্মের দুই রোনালদোর হাওয়া। একদিকে কিংবদন্তি ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে নিজেকে প্রস্তুত করছেন, অন্যদিকে তার ছেলে ক্রিশ্চিয়ানো রোনালদো জুনিয়র ধীরে ধীরে নিজেকে তুলে ধরছেন দেশটির ভবিষ্যৎ তারকা হিসেবে।পর্তুগিজ ফুটবল ফেডারেশন জানিয়েছে, উয়েফা ডেভেলপমেন্ট টুর্নামেন্ট উপলক্ষে আবারও পর্তুগাল অনূর্ধ্ব-১৬ দলে ডাক পেয়েছেন ১৫ বছর বয়সী রোনালদো জুনিয়র।

আগামী ১৯ থেকে ২৪ মে পর্যন্ত ব্রাগানসায় অনুষ্ঠিত হবে এই চার জাতির আসর। সেখানে পর্তুগালের প্রতিপক্ষ হবে গ্রিস, ইতালি ও চেক প্রজাতন্ত্র।ইতোমধ্যে পর্তুগাল অনূর্ধ্ব-১৬ দলের হয়ে ৬ ম্যাচে ১ গোল করেছেন জুনিয়র রোনালদো। এর আগে অনূর্ধ্ব-১৫ দলেও তার পারফরম্যান্স ছিল বেশ আলোচিত। ফেব্রুয়ারিতে আলগার্ভ ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট এবং তুরস্কে অনুষ্ঠিত কনফেডারেশন কাপে শিরোপাজয়ী দলের সদস্য ছিলেন তিনি।

এছাড়া ক্রোয়েশিয়ায় অনুষ্ঠিত এক টুর্নামেন্টের ফাইনালে জোড়া গোল করে দলকে ট্রফি জেতাতেও বড় ভূমিকা রাখেন।বাবার ক্লাব পরিবর্তনের সঙ্গে সঙ্গে জুনিয়রও খেলেছেন জুভেন্টাস ও ম্যানচেস্টার ইউনাইটেডের যুব একাডেমিতে। বর্তমানে সৌদি ক্লাব আল নাসরের বয়সভিত্তিক দলে খেলছেন তিনি। মাঝেমধ্যেই মূল দলের সঙ্গে তার অনুশীলনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

ফুটবল বিশ্লেষকদের মতে, শারীরিক শক্তি, গোল করার দক্ষতা এবং মাঠে লড়াকু মানসিকতায় বাবার অনেক বৈশিষ্ট্যই দেখা যাচ্ছে জুনিয়রের মধ্যে। অনেক ভক্তের বিশ্বাস, ২০২৬ বিশ্বকাপে বাবা রোনালদো যখন নিজের বর্ণাঢ্য ক্যারিয়ারের শেষ অধ্যায় লিখবেন, তখনই হয়তো পর্তুগিজ ফুটবলের নতুন অধ্যায়ের সূচনা করবেন তার ছেলে।

/বিএসএস