• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:১৪ পিএম


“মরে গেলেও নড়াইলে নিও না” বাবাকে মাশরাফির অনুরোধ

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৪ মে ২০২৬ ৯:২০ এএম

বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে আবেগঘন নামগুলোর একটি মাশরাফি বিন মুর্তজা। মাঠে তাঁর লড়াই, ইনজুরি নিয়েও দেশের জন্য খেলে যাওয়া এবং দুর্দান্ত নেতৃত্ব তাঁকে কোটি মানুষের হৃদয়ে জায়গা করে দিয়েছে বহু আগেই।কিন্তু সময়ের সঙ্গে বদলেছে বাস্তবতা।

রাজনীতির উত্তপ্ত পরিবেশে আজ সেই মাশরাফিকেই ঘিরে তৈরি হয়েছে বিতর্ক, সমালোচনা আর গভীর বেদনার গল্প।আওয়ামী লীগ থেকে নড়াইল-২ আসনের সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকেই রাজনৈতিক পরিচয়ের কারণে নানা আলোচনা-সমালোচনার মুখে পড়েন তিনি। সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার পর নড়াইলে তাঁর বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা দেশজুড়ে আলোচনার জন্ম দেয়। আগুনে ক্ষতিগ্রস্ত হয় বাড়ির বিভিন্ন অংশ, নষ্ট হয়ে যায় তাঁর ক্রিকেট ক্যারিয়ারের বহু স্মৃতি ও ট্রফি।এরপর থেকেই অনেকটা নীরব হয়ে যান মাশরাফি।

প্রকাশ্যে খুব কম কথা বলছেন তিনি। তবে এক সংবাদমাধ্যমে তাঁর বাবা গোলাম মুর্তজা স্বপনের বক্তব্য ভক্তদের নতুন করে নাড়িয়ে দিয়েছে।তিনি বলেন,“মাশরাফির এখন আর কোনো জীবন নাই। কথা খুব কম বলে। সেই মাশরাফি আর নেই। খুব আঘাত পেয়েছে।”সবচেয়ে হৃদয়স্পর্শী ছিল একটি কথার উল্লেখ। পরিবারের কাছে মাশরাফি নাকি বলেছেন, মৃত্যুর পর যেন তাঁকে নড়াইলে দাফন না করা হয়।

বাবার ভাষায়,“ছেলের মুখে এমন কথা শুনবো, আমরা কখনো প্রস্তুত ছিলাম না।”একসময় যে মাশরাফি সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়াতেন, সাধারণ পোশাকে ঘুরে বেড়াতেন মানুষের দ্বারে দ্বারে, সেই মানুষটিকেই আজ অনেকটা নিঃশব্দ আর ভেঙে পড়া মনে হচ্ছে বলে জানিয়েছে পরিবার।শুধু বাড়িই নয়, ক্ষতিগ্রস্ত করা হয়েছে তাঁর গড়া “নড়াইল এক্সপ্রেস” জিমও। পরিবারের দাবি, এটি সাধারণ মানুষের উপকারের জন্যই তৈরি করা হয়েছিল।

ক্রিকেট মাঠে অসংখ্য ইনজুরিকে জয় করা মানুষটি হয়তো এবার লড়ছেন এক ভিন্ন মানসিক যন্ত্রণার সঙ্গে। কারণ বাড়ি বা ট্রফি হারানোর চেয়েও বড় কষ্ট হতে পারে নিজের জন্মভূমি নিয়েই অভিমান জন্মানো।তবুও কোটি ভক্তের কাছে মাশরাফি এখনও ভালোবাসা, সাহস আর নেতৃত্বের প্রতীক। বাংলাদেশের ক্রিকেটে তাঁর অবদান কখনো মুছে যাওয়ার নয়।

/বিএসএস