• ঢাকা
  • শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:২৭ পিএম


চড় থেকে চারশো কোটির যাত্রা: কপিল শর্মার অবিশ্বাস্য গল্প

The Pulse BD online desk
আপডেট টাইম: ৩ এপ্রিল ২০২৬ ১১:৫৫ এএম

টেলিভিশনের পর্দায় তাঁর উপস্থিতি মানেই প্রাণখোলা হাসি, হালকা মেজাজ আর স্বতঃস্ফূর্ত বিনোদন। মানুষকে হাসানোকে পেশা বানিয়ে যিনি নিজের আলাদা জায়গা তৈরি করেছেন, তিনি Kapil Sharma। তবে এই সাফল্যের পেছনের পথটা ছিল মোটেও সহজ নয়। মাত্র ৫০০ টাকা আয় দিয়ে যাত্রা শুরু করা এই কমেডিয়ান আজ প্রায় ৪০০ কোটি টাকার সম্পদের মালিক। আয়ের দিক থেকেও তিনি ভারতীয় ছোট পর্দার অন্যতম শীর্ষ তারকা। আজ তাঁর জন্মদিন।

১৯৮১ সালের ২ এপ্রিল ভারতের অমৃতসরে জন্ম কপিলের। বাবা ছিলেন পুলিশ কনস্টেবল, মা গৃহিণী। সীমিত আয়ের পরিবারে বড় হলেও ছোটবেলা থেকেই গান, অভিনয় ও মঞ্চের প্রতি তাঁর আগ্রহ ছিল প্রবল। পরিবার থেকেও পেয়েছেন পূর্ণ সমর্থন।

ক্যারিয়ারের শুরুতেই এক বিব্রতকর অভিজ্ঞতার মুখে পড়তে হয় তাঁকে। ২০০১ সালে ‘গদর: এক প্রেম কথা’ ছবির শুটিং চলাকালে একটি ছোট চরিত্রে অভিনয়ের সুযোগ পান। কিন্তু নির্দেশনা ঠিকমতো অনুসরণ করতে না পারায় অ্যাকশন পরিচালক তিনু বর্মার বকুনি তো খেতেই হয়, এমনকি চড় মেরে সেট থেকে বের করে দেওয়া হয় তাঁকে। পরে কপিল বিভিন্ন সাক্ষাৎকারে বলেন, এই ঘটনাই তাঁকে আরও দৃঢ় হতে অনুপ্রাণিত করে।

২০০৭ সালে তাঁর জীবনে বড় মোড় আসে। ‘দ্য গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জ’-এ অংশ নিয়ে বিজয়ী হন তিনি। ১০ লাখ টাকার পুরস্কারের পাশাপাশি পান জাতীয় পরিচিতি। এরপর ‘কমেডি সার্কাস’-এর একাধিক আসরে জয়ী হয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেন দক্ষ কমেডিয়ান হিসেবে। তাঁর তাৎক্ষণিক রসিকতা আর সাধারণ বিষয়কে হাস্যরসে রূপ দেওয়ার ক্ষমতা দ্রুত দর্শকের মন জয় করে।

২০১৩ সালে শুরু হয় তাঁর নিজস্ব অনুষ্ঠান ‘কমেডি নাইটস উইথ কপিল’, যা অল্প সময়েই জনপ্রিয়তা পায়। এরপর ২০১৬ সালে ‘দ্য কপিল শর্মা শো’ শুরু হয়, যা এখনো টেলিভিশনের অন্যতম জনপ্রিয় অনুষ্ঠান। বলিউড তারকাদের সঙ্গে তাঁর প্রাণবন্ত আড্ডা ও তীক্ষ্ণ রসিকতাই এই শোর মূল আকর্ষণ। প্রতি পর্বে সঞ্চালনার জন্য তিনি প্রায় ৬ কোটি টাকা পারিশ্রমিক পান।

তবে সাফল্যের এই যাত্রা সবসময় মসৃণ ছিল না। ক্যারিয়ারের শীর্ষে থাকা অবস্থায় সহশিল্পী Sunil Grover ও Ali Asgar-এর সঙ্গে বিরোধ, শোর জনপ্রিয়তা কমে যাওয়া এবং ব্যক্তিগত আচরণ নিয়ে সমালোচনার মুখে পড়েন তিনি। এমনকি অসুস্থতার কারণেও শুটিং বন্ধ রাখতে হয়েছিল। একসময় তাঁর অনুষ্ঠানের ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা দেখা দেয়।

তবে সময় নিয়ে নিজেকে গুছিয়ে আবারও শক্তভাবে ফিরে আসেন কপিল। নতুনভাবে শুরু হওয়া ‘দ্য কপিল শর্মা শো’ আবার দর্শকদের মন জয় করে। আগের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আরও পরিণতভাবে নিজেকে উপস্থাপন করেন তিনি।

টেলিভিশনের পাশাপাশি বড় পর্দাতেও কাজ করেছেন কপিল। ২০১৫ সালে ‘কিস কিস কো প্যার করু’ দিয়ে বলিউডে অভিষেক, এরপর ‘ফিরঙ্গি’, ‘জুইগ্যাটো’ ও ‘ক্রু’ ছবিতে অভিনয় করেছেন। পাশাপাশি ‘দ্য অ্যাংরি বার্ডস মুভি টু’-তে কণ্ঠশিল্পী হিসেবেও কাজ করেছেন।

অর্থনৈতিক দিক থেকেও তিনি এখন শীর্ষে। প্রায় ৪০০ কোটি টাকার সম্পদের পাশাপাশি মুম্বাইয়ের অন্ধেরিতে রয়েছে বিলাসবহুল ফ্ল্যাট। আয়কর দেওয়ার ক্ষেত্রেও তিনি শীর্ষ তারকাদের একজন।

হাসির মাধ্যমে দর্শকদের মন জয় করে নিজের অবস্থান পোক্ত করা কপিল শর্মা এখনো বিনোদন অঙ্গনের গুরুত্বপূর্ণ মুখ। জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে ঘিরে চলছে শুভেচ্ছার বন্যা—ভক্ত থেকে সহশিল্পী, সবার কাছ থেকেই আসছে ভালোবাসা আর শ্রদ্ধা।