উত্তর কোরিয়া তাদের পারমাণবিক নীতিতে বড় ধরনের পরিবর্তন এনে নতুন একটি বিধান যুক্ত করেছে। নতুন এ নীতিতে বলা হয়েছে, দেশটির নেতা কিম জং উন নিহত হলে অথবা বিদেশি হামলায় অক্ষম হয়ে পড়লে স্বয়ংক্রিয়ভাবে পারমাণবিক হামলা চালানো হবে।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। শনিবার (৯ মে) প্রকাশিত এক প্রতিবেদনে এনডিটিভি জানায়, গত ২২ মার্চ পিয়ংইয়ংয়ে অনুষ্ঠিত উত্তর কোরিয়ার ১৫তম সুপ্রিম পিপলস অ্যাসেম্বলির প্রথম অধিবেশনে এই সংশোধনী অনুমোদন দেওয়া হয়।
পরে দক্ষিণ কোরিয়ার জাতীয় গোয়েন্দা সংস্থা দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে এই পরিবর্তনের বিষয়টি জানায়।
সংশোধিত আইনে বলা হয়েছে, উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্রভাণ্ডারের সর্বাধিনায়ক থাকবেন কিম জং উন। তবে বিদেশি শক্তির হামলায় দেশের পারমাণবিক কমান্ড ও নিয়ন্ত্রণ ব্যবস্থা হুমকির মুখে পড়লে ‘স্বয়ংক্রিয় ও তাৎক্ষণিকভাবে’ পারমাণবিক হামলা চালানো হবে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, সম্প্রতি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানে দেশটির শীর্ষ নেতাদের হত্যার ঘটনায় উদ্বিগ্ন হয়ে উত্তর কোরিয়া এমন পদক্ষেপ নিতে পারে। সেখানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ কয়েকজন জ্যেষ্ঠ উপদেষ্টা নিহত হওয়ার পর পিয়ংইয়ং নিজেদের নিরাপত্তা কৌশল নতুনভাবে মূল্যায়ন করেছে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে প্রতিবেদনে আরও বলা হয়েছে, কিম জং উন ব্যক্তিগত নিরাপত্তার বিষয়ে অত্যন্ত সতর্ক অবস্থান অনুসরণ করেন। তিনি সাধারণত বিমানে ভ্রমণ এড়িয়ে চলেন এবং ভারী সাঁজোয়া ট্রেন ব্যবহার করেন। তার চলাচলে সবসময় কড়া নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখা হয়।
/এসএন