চলতি বোরো মৌসুমে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে হাওরাঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য প্রস্তুত করা তালিকা গ্রহণযোগ্য হয়নি বলে জানিয়েছেন নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর।
শুক্রবার (৮ মে) বিকেলে নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার নূরানীপুর গ্রামে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
লুৎফুজ্জামান বাবর জানান, বিএনপি ও প্রশাসনের যৌথ উদ্যোগে প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্ত কৃষকদের একটি তালিকা তৈরি করা হয়েছিল। তবে সেই তালিকায় প্রকৃত ক্ষতিগ্রস্তদের পাশাপাশি অপ্রয়োজনীয় অনেক নামও অন্তর্ভুক্ত হয়েছে বলে দাবি করেন তিনি। এ কারণে তালিকাটি গ্রহণযোগ্য হয়নি।
তিনি বলেন, নতুন করে যাচাই-বাছাইয়ের মাধ্যমে তালিকা প্রণয়ন করা হবে। যারা বাস্তবিক অর্থে ক্ষতির শিকার হয়েছেন এবং সহায়তা পাওয়ার যৌক্তিকতা রাখেন, কেবল তাদের নামই চূড়ান্ত তালিকায় রাখা হবে।
সংসদ সদস্য বাবর আরও বলেন, ঈদের আগেই ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেওয়ার ব্যবস্থা করা হবে। এ বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ইতোমধ্যে ক্ষতিগ্রস্তদের সহায়তার ঘোষণা দিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।
হাওরাঞ্চলের উন্নয়ন প্রসঙ্গে লুৎফুজ্জামান বাবর বলেন, বিচ্ছিন্নভাবে উন্নয়ন নয়, বরং হাওরের বাস্তবতা বিবেচনায় পরিকল্পিত ও দীর্ঘমেয়াদি উন্নয়ন প্রয়োজন।
/এসএন