• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০১:৫৫ পিএম


মির্জা ফখরুলসহ ১৫ জন পেলেন ‘আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক ২০২৬’

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৮ মে ২০২৬ ৬:২৪ পিএম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৫ জনকে সদ্য চালু হওয়া ‘আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক ২০২৬’ প্রদান করা হয়েছে।

শুক্রবার (৮ মে) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুরস্কারপ্রাপ্ত অন্যদের মধ্যে রয়েছেন— বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।

এ ছাড়া বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক কামাল উদ্দিন সবুজ, ‘মায়ের ডাক’-এর সংগঠক সানজিদা ইসলাম তুলী, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল, সাহিত্যিক ড. মাহবুব হাসান, যুগান্তর সম্পাদক কবি আবদুল হাই শিকদার, সাংবাদিক আশরাফ কায়সার, শিল্পপতি ড. আবুল কাশেম হায়দার, ব্যবসায়ী আবদুল হক এবং বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত সহকারী ফাতেমা বেগমও এই সম্মাননায় ভূষিত হয়েছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক সংগঠন ‘বাংলাদেশ প্রবাসী নাগরিক কমিটি, ইনক’ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মৃতির উদ্দেশ্যে এই স্বর্ণপদক চালু করেছে।

সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, দেশের উন্নয়ন ও বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা গুণী ব্যক্তিদের প্রতি বছর এই পুরস্কারের মাধ্যমে সম্মাননা জানানো হবে।

/এসএন