• ঢাকা
  • রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩১ পিএম


হাওরের ক্ষতিগ্রস্থ কৃষকদের সঠিক তালিকা তৈরী করে ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৭ মে ২০২৬ ৮:৪১ পিএম

হাওর অঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় দ্রুত পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন তারেক রহমান।

বৃহস্পতিবার (৭ মে) বিকেলে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় তিনি ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা স্বচ্ছ ও নির্ভুলভাবে প্রস্তুতের নির্দেশ দেন।

সভায় হাওর এলাকার ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক সহায়তা কার্যক্রম পর্যালোচনা করা হয়।

প্রধানমন্ত্রী বলেন, প্রকৃত ক্ষতিগ্রস্তদের চিহ্নিত করে স্বচ্ছ তালিকা তৈরি করতে হবে এবং সেই তালিকার ভিত্তিতেই আগামী তিন মাস কৃষকদের আর্থিক সহায়তা দেওয়া হবে।

সভায় সিদ্ধান্ত হয়, দ্রুত কৃষকদের হাতে সহায়তা পৌঁছে দেওয়া হবে। পাশাপাশি ভবিষ্যতে অতিবৃষ্টি ও জলাবদ্ধতার ক্ষতি কমাতে ধান রোপণ ও সংগ্রহের মৌসুম কিছুটা এগিয়ে আনার বিষয়েও আলোচনা হয়।

এর আগে গত ২৯ এপ্রিল জাতীয় সংসদে প্রধানমন্ত্রী জানিয়েছিলেন, হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকারিভাবে তিন মাস সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

সভায় উপস্থিত ছিলেন আসাদুল হাবিব দুলু, আমিনুর রশীদ ইয়াসিনসহ হাওরাঞ্চলের বিভিন্ন সংসদ সদস্য।

/এএসএফ