ভোট শেষ হলেও বীরভূম জেলার রাজনৈতিক উত্তেজনা থামেনি। এবার ভোট-পরবর্তী সহিংসতায় নানুরে এক তৃণমূল কংগ্রেস কর্মীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
নিহত ব্যক্তির নাম আবির শেখ। তিনি স্থানীয়ভাবে তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত ছিলেন।
পরিবারের অভিযোগ, মঙ্গলবার (৫ মে) একা রাস্তা দিয়ে যাওয়ার সময় একদল সশস্ত্র দুষ্কৃতী তার পথরোধ করে। এরপর ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করা হয় তাকে।
স্বজনদের দাবি, হামলাকারীরা রাজনৈতিক প্রতিপক্ষ ভারতীয় জনতা পার্টি-সমর্থিত দুর্বৃত্ত।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা আবিরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর হামলাকারীরা পালিয়ে যায় বলে জানা গেছে।
খবর পেয়ে নানুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং টহল জোরদার করা হয়েছে।
পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
ঘটনাকে কেন্দ্র করে নানুর বিধানসভা এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে এবং স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি আরও অস্থির হয়ে উঠেছে বলে জানা গেছে।
/এএসএফ