ছবি: সংগৃহীত
নরসিংদী জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণার পর এক অভিনব ঘটনার জন্ম হয়েছে। কমিটিতে স্বামী সহসভাপতি হওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাকে শুভেচ্ছা জানিয়েছেন তার স্ত্রী। এই পোস্টকে কেন্দ্র করে সংগঠনের ভেতরে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
সম্প্রতি কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির ৩৮০ সদস্যের এই নতুন কমিটি ঘোষণা করেন। এতে ২ নম্বর সহসভাপতি হিসেবে স্থান পেয়েছেন সজীব পাল জুম্মন।
কমিটি ঘোষণার পর তার স্ত্রী ফেসবুকে একটি ছবি ও পূর্ণাঙ্গ কমিটির তালিকা প্রকাশ করেন। ছবিতে স্বামী-স্ত্রী দুজনকেই দেখা যায়। সেই সঙ্গে তিনি লেখেন, ‘প্রাণঢালা অভিনন্দন জামাই। নরসিংদী জেলা ছাত্রদলের ২ নং সহসভাপতি।’
এই পোস্ট সামনে আসার পর কমিটিতে স্থান না পাওয়া ত্যাগী ও পদবঞ্চিত নেতাকর্মীরা তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তাদের মতে, এই পোস্টই প্রমাণ করে যে রাজপথের ত্যাগীদের যথাযথ মূল্যায়ন করা হয়নি। তারা অভিযোগ করেন, বিবাহিত এমনকি দীর্ঘদিন ধরে প্রবাসে অবস্থান করছেন এমন ১৫ থেকে ২০ জনকেও কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।
এ বিষয়ে নরসিংদী জেলা ছাত্রদলের সাবেক সদস্যসচিব মাঈনউদ্দিন ভূঁইয়া বলেন, “আমাদের নেতা তারেক রহমান ঘোষণা দিয়েছিলেন, বিগত আন্দোলনে মিছিলে সবার পেছনে থাকা কর্মীটিও মূল্যায়িত হবে। কিন্তু এই কমিটিতে রাজপথের সামনের সারিতে থাকা লড়াকু নেতাকর্মীদের অবমূল্যায়ন করা হয়েছে। ত্যাগী ও নির্যাতিতদের বাদ দিয়ে বিদেশে থাকা ব্যক্তিদের নাম তালিকায় স্থান পাওয়া অত্যন্ত দুঃখজনক।”
এই ঘটনার পর নতুন কমিটি নিয়ে সংগঠনের অভ্যন্তরে বিতর্ক ও অসন্তোষ আরও বাড়ছে বলে জানা গেছে। /এইচটি