• ঢাকা
  • শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:৪৫ পিএম


টাঙ্গাইলে চীনা নাগরিক পরিচয়ে বিয়ে করতে এসে গ্রামবাসীর জেরায় পালাল দুই যুবক

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৫ মে ২০২৬ ৩:৩৬ পিএম

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় নিজেদের চীনা নাগরিক পরিচয় দিয়ে বিয়ে করতে এসে স্থানীয়দের জিজ্ঞাসাবাদের মুখে পড়ে পালিয়ে গেছেন দুই যুবক। রোববার (৩ মে) বিকেলে উপজেলার আনাইতারা ইউনিয়নের চামারি ফতেপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে চামারি ফতেপুর এলাকার এক ইতালি প্রবাসীর স্ত্রীর সঙ্গে এক ব্যক্তির পরিচয় হয়, যিনি নিজেকে চীনা নাগরিক হিসেবে পরিচয় দিয়েছিলেন। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এই সম্পর্কের সূত্র ধরেই ওই ব্যক্তি বিয়ের উদ্দেশ্যে আরও একজনকে সঙ্গে নিয়ে টাঙ্গাইলে আসেন।

গ্রামবাসীদের ভাষ্য অনুযায়ী, রোববার বিকেলে ওই দুই যুবক নিজেদের চীনা নাগরিক দাবি করে ওই নারীর সঙ্গে বিয়ে করতে আসে। তবে তাদের আচরণে সন্দেহ হলে স্থানীয়রা তাদের জিজ্ঞাসাবাদ শুরু করেন। এ সময় তারা লাল পাসপোর্ট, ভিসা ও বিমানের টিকিট দেখিয়ে নিজেদের বিদেশি বলে দাবি করে। কিন্তু কথাবার্তায় অসামঞ্জস্য ধরা পড়ায় সন্দেহ আরও বাড়তে থাকে। একপর্যায়ে সুযোগ বুঝে তারা একটি প্রাইভেটকারে করে দ্রুত এলাকা ছেড়ে চলে যায়। ঘটনার পর ওই গৃহবধূকে তার বাবার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য সাদেক আলী জানান, যুবকদের আচরণ প্রথম থেকেই সন্দেহজনক মনে হয়েছিল। জিজ্ঞাসাবাদের সময় তারা বিভিন্ন কাগজপত্র দেখালেও পরে কৌশলে সেখান থেকে পালিয়ে যায়।

এ বিষয়ে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেননি, তবে বিষয়টি তিনি শুনেছেন।

তিনি আরও বলেন, অনলাইনে অপরিচিত ব্যক্তির সঙ্গে সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে সবাইকে সতর্ক থাকা প্রয়োজন, যাতে কেউ প্রতারণার শিকার না হন।

/এইচটি