• ঢাকা
  • সোমবার, ০৩ আগস্ট ২০২৬, ০৭:০২ পিএম


যুক্তরাষ্ট্রে নিহত লিমনের মরদেহ দেশে ফিরছে, বৃষ্টির পাঠানোর প্রক্রিয়া চলমান

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৩ মে ২০২৬ ২:১১ পিএম

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ দেশে ফেরানোর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তার মরদেহ বহনকারী একটি ফ্লাইট বর্তমানে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেছে। আগামী সোমবার (৪ মে) সকালে মরদেহটি বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে।

রোববার (৩ মে) ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে দুবাই হয়ে লিমনের মরদেহ দেশে পাঠানো হয়েছে। নির্ধারিত সময় অনুযায়ী, ফ্লাইটটি সোমবার সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকায় অবতরণ করবে।

মরদেহ পাঠানোর পুরো কার্যক্রম তদারকি করেছেন মায়ামিতে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কনসাল জেনারেল সেহেলী সাবরীন এবং কনসাল থোইং।

গত ২৫ এপ্রিল লিমনের মরদেহ উদ্ধারের পর ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাস এবং মায়ামির বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, নিহতের পরিবার, সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, টাম্পার প্রবাসী বাংলাদেশি কমিউনিটি এবং স্থানীয় পুলিশ প্রশাসনের সমন্বয়ে সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

এর আগে বৃহস্পতিবার জোহরের নামাজের পর টাম্পার ইস্তাবা ইসলামিক সোসাইটি অব টাম্পা বে এরিয়া মসজিদে লিমনের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার শিক্ষার্থী, নিহতের খালা, কনসাল জেনারেল, গণমাধ্যমকর্মীসহ স্থানীয় প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করেন।

এদিকে একই ঘটনায় নিহত ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ শনাক্তের বিষয়টি গত ১ মে হিলসবোরো কাউন্টির শেরিফ অফিস নিশ্চিত করে। এরপর পরিবারের সম্মতি নিয়ে তার মরদেহ দেশে পাঠানোর উদ্যোগ নেয় মায়ামির বাংলাদেশ কনস্যুলেট। এ জন্য পিনেলাস কাউন্টির মেডিক্যাল এক্সামিনারের কাছে মরদেহটি একই ফিউনারেল হোমে হস্তান্তরের অনুরোধ জানানো হয়েছে।

জানা গেছে, নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ ঢাকায় পাঠানোর প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে। তার প্রথম জানাজা আগামী ৬ মে ফ্লোরিডার টাম্পায় অনুষ্ঠিত হবে।

ওয়াশিংটনের স্থানীয় সময় শনিবার (২ মে) বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা ফেসবুক পোস্টে জানান, বৃষ্টির মরদেহ দেশে পাঠাতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হচ্ছে। তিনি উল্লেখ করেন, ৬ মে (বুধবার) দুপুর ২টায় টাম্পায় তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে এবং পুরো বিষয়টি মায়ামি কনস্যুলেটের মাধ্যমে সমন্বয় করছে ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস।

কনসাল জেনারেল সেহেলী সাবরীন জানিয়েছেন, নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দ্রুততম সময়ের মধ্যে দেশে পাঠাতে বাংলাদেশ দূতাবাস ও মায়ামি কনস্যুলেট জেনারেল যৌথভাবে কাজ করছে।

/এসএন