আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি।
শুক্রবার (১ মে) এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করে হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয় (এইচসিএসও)।
শেরিফ চ্যাড ক্রনিস্টার জানান, গত ২৬ এপ্রিল ইন্টারস্টেট ২৭৫ ও ফোর্থ স্ট্রিট নর্থ এলাকার একটি জলাশয়ে অভিযান চালিয়ে মানব দেহাবশেষ উদ্ধার করা হয়। পরে ডিএনএ পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া যায়, সেটি ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ)-এর শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ।
তিনি বলেন, বৃষ্টি ও লিমন শুধু শিক্ষার্থীই ছিল না, তারা ছিল মেধাবী ও সম্ভাবনাময় তরুণ। তাদের উজ্জ্বল ভবিষ্যৎ ছিল, যা নির্মমভাবে শেষ করে দেওয়া হয়েছে। গত ১৬ এপ্রিল সকালে তাদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শেষবার দেখা গিয়েছিল। এরপর থেকেই তারা নিখোঁজ ছিলেন।
এই ঘটনায় লিমনের রুমমেট হিশাম আবুঘরবেহ-কে গ্রেপ্তার করা হয়েছে। তবে তদন্তকারীরা জানিয়েছেন, তিনি একা নন—এই হত্যাকাণ্ডে আরও একজন জড়িত রয়েছে, যিনি তারই আরেক রুমমেট। তদন্তের স্বার্থে তার পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।
পুলিশ জানায়, অ্যাভালন হাইটস এলাকায় লিমনের অ্যাপার্টমেন্ট থেকেই তদন্ত শুরু হয়। নিখোঁজ হওয়ার পর এক বন্ধু বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানালে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী অনুসন্ধান শুরু করে।
তদন্তের এক পর্যায়ে হিশামের অস্বাভাবিক আচরণ ও মন্তব্য সন্দেহের জন্ম দেয়। পরে অ্যাপার্টমেন্টের কাছের একটি ডাস্টবিন থেকে রক্তমাখা আলামত উদ্ধার করা হলে মামলাটি হত্যাকাণ্ড হিসেবে গুরুত্ব পায়।
গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ চলছে এবং তদন্ত এখনো অব্যাহত রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
/এএসএফ