চট্টগ্রামে ফুটন্ত পানিতে দগ্ধ হয়ে ছয় দিন মৃত্যুর সঙ্গে লড়ে হার মানল পাঁচ বছরের শিশু হামিম বিন হোসেন।শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট-এ। এর আগে তাকে নেওয়া হয়েছিল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল-এ।পারিবারিক সূত্রে জানা গেছে, গত ২৭ এপ্রিল সন্ধ্যা সাতটার দিকে আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়নের কবিরের দোকান এলাকায় এই দুর্ঘটনা ঘটে। সন্ধ্যায় চা বানানোর জন্য চুলায় পাতিল বসিয়ে পানি ফুটাচ্ছিলেন শিশুটির মা। একপর্যায়ে খেলতে গিয়ে চায়ের পাতিল টেনে ফেলে দেয় হামিম। সঙ্গে সঙ্গে ফুটন্ত পানি পড়ে তার শরীরের বড় অংশ ঝলসে যায়।গুরুতর অবস্থায় প্রথমে তাকে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম শহরে এবং সর্বশেষ ঢাকায় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে ছয় দিন চিকিৎসাধীন থাকার পর শনিবার সকালে তার মৃত্যু হয়।নিহত হামিম চট্টগ্রাম জেলার রায়পুর ইউনিয়নের মালিপাড়া এলাকার সৌদিপ্রবাসী মোহাম্মদ হোসেনের ছেলে। তার আরও দুই বোন রয়েছে।হামিমের বাবা মোহাম্মদ হোসেন জানান, দুর্ঘটনার খবর শুনে পরদিনই তিনি সৌদি আরব থেকে দেশে ফিরেছিলেন। মুঠোফোনে তিনি বলেন, “ছেলের দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত দেশে ফিরি। কিন্তু শেষ পর্যন্ত তাকে বাঁচাতে পারলাম না।
/বিএসএস