শরীয়তপুরে বজ্রপাতে জেলের মৃত্যু
শরীয়তপুরের নড়িয়া উপজেলার কীর্তিনাশা নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে রাজিব শেখ (৩৫) নামে এক জেলের মৃত্যু হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) দুপুর সোয়া ১টার দিকে উপজেলার জপসা ইউনিয়নের মাইজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজিব ওই ইউনিয়নের মাইজপাড়া গ্রামের কান্দি এলাকার হারুন শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজিব শেখ দীর্ঘদিন ধরে নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন। প্রতিদিনের মতো বুধবার সকালে তিনি নদীতে চায়না দুয়ারি জাল পেতে রেখে বাড়ি ফেরেন। পরে দুপুরে জাল তুলতে আবার নদীতে যান।
জাল তোলার সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় জেলেরা তাকে উদ্ধার করে দ্রুত নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি সদস্য আমির মাদবর জানান, নদীতে জাল তুলতে গিয়ে বজ্রপাতে রাজিব শেখের মৃত্যু হয়েছে। পরে মরদেহ হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে দাফনের প্রস্তুতি নেওয়া হয়।
নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহার মিয়া বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।