• ঢাকা
  • মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ১২:৩২ এএম


গোপালগঞ্জে বাস খালে পড়ে আহত অন্তত ৩০

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৯ এপ্রিল ২০২৬ ৪:২৭ পিএম

গোপালগঞ্জে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে অন্তত ৩০ জন আহত হয়েছেন। বুধবার (২৯ এপ্রিল) বেলা ১১টার দিকে মালেকের বাজার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, পিরোজপুর থেকে ঢাকাগামী ‘ইমাদ পরিবহন’-এর বাসটি দ্রুতগতিতে চলার সময় হঠাৎ একটি টায়ার ফেটে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়ক থেকে ছিটকে পাশের খালে পড়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পরপরই স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজে এগিয়ে আসেন। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে।

আহতদের উদ্ধার করে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক শিপলু আহমেদ বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে উদ্ধার অভিযান শুরু করা হয়।

দুর্ঘটনার পর কিছু সময় ওই সড়কে যান চলাচল ব্যাহত হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। পুলিশ বাসটি উদ্ধারের কাজ চালিয়ে যাচ্ছে।