• ঢাকা
  • বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:৫৫ পিএম


পদ্মায় বড়শিতে ধরা পড়ল কুমির, ফরিদপুরে চাঞ্চল্য

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৭ এপ্রিল ২০২৬ ১০:১১ পিএম

ফরিদপুরের চরভদ্রাসন, ফরিদপুর উপজেলায় পদ্মা নদীতে এক জেলের বড়শিতে ধরা পড়েছে একটি কুমির। সোমবার সকাল সাতটার দিকে উপজেলার গোপালপুর চর এলাকায় পদ্মা নদী থেকে কুমিরটি ধরা পড়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জেলে স্বপন ব্যাপারীর হাজারি বড়শিতে কুমিরটি আটকে যায়। পরে তাঁর দুই ছেলে ও আরও কয়েকজনের সহায়তায় কুমিরটিকে নদী থেকে তুলে পাড়ে আনা হয়। এরপর সকাল আটটার দিকে সেটিকে চরভদ্রাসন সদর ইউনিয়নের কাজীবাড়ির ঘাটে নিয়ে যাওয়া হয়।

স্বপন ব্যাপারী জানান, তিনি নিয়মিত পদ্মা নদীতে বড় মাছ ধরার জন্য বড়শি পাতেন। আগের রাতেও একইভাবে বড়শি পেতে রেখে সকালে গিয়ে দেখেন একটি কুমির তাতে আটকে আছে। তাঁর ধারণা, কুমিরটির দৈর্ঘ্য প্রায় সাত ফুট এবং ওজন দেড় মণের মতো হতে পারে। তিনি বলেন, কুমির মারা আইনত দণ্ডনীয়, তাই সেটিকে জীবিত অবস্থায় উদ্ধার করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের জন্য ঘাটে আনা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় থানা পুলিশ জানায়, কুমিরটিকে পানিতে বেঁধে রাখা হয়েছে এবং যাতে কেউ ক্ষতি করতে না পারে, সে জন্য নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

বাংলাদেশ বন বিভাগ–এর কর্মকর্তারা জানিয়েছেন, এটি একটি বিপন্নপ্রায় মিঠাপানির কুমির হতে পারে। কুমিরটির সঠিক দৈর্ঘ্য ও ওজন যাচাই করা হবে।

এদিকে খুলনা থেকে বন্যপ্রাণী উদ্ধার টিম ঘটনাস্থলে আসছে। তারা কুমিরটি পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেবে—এটি খুলনায় নেওয়া হবে নাকি করমজলে স্থানান্তর করা হবে। ঘটনাটি এলাকায় ব্যাপক কৌতূহল ও চাঞ্চল্যের সৃষ্টি করেছে।