মস্কোতে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের প্রতি তার দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। একই বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি স্পষ্ট করে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তেহরানের প্রতিরোধ অব্যাহত থাকবে।
রুশ রাষ্ট্রীয় গণমাধ্যম তাসের প্রতিবেদনে বলা হয়, সোমবার অনুষ্ঠিত এই বৈঠকে পুতিন আরাঘচিকে আশ্বস্ত করে বলেন, ইরান ও আঞ্চলিক জনগণের স্বার্থ রক্ষায় রাশিয়া প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত। তিনি দ্রুত শান্তি প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরেন এবং রাশিয়ার অবস্থান আগের মতোই অব্যাহত থাকবে বলে জানান।
অন্যদিকে, রুশ সংবাদমাধ্যম রিয়া নিউজ এজেন্সি জানিয়েছে, আরাঘচি মস্কোর সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দুই দেশের মধ্যে সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেন। তিনি বলেন, বর্তমান সংকট পরিস্থিতিতে রাশিয়ার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তবে কূটনৈতিক বার্তার পাশাপাশি কঠোর অবস্থানও তুলে ধরেন আরাঘচি। তিনি দাবি করেন, ইরানের জনগণ ইতোমধ্যেই তাদের প্রতিরোধ সক্ষমতা প্রমাণ করেছে এবং মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ব্যাপারে তারা দৃঢ়প্রতিজ্ঞ।
বৈঠকে পুতিন ইরানের নতুন নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করে বলেন, সাহস ও স্বাধীনতার আকাঙ্ক্ষা নিয়ে ইরানের জনগণ এই কঠিন সময় অতিক্রম করতে সক্ষম হবে। তিনি আশা প্রকাশ করেন, বর্তমান সংকট কাটিয়ে শিগগিরই অঞ্চলটিতে স্থিতিশীলতা ফিরে আসবে।