• ঢাকা
  • সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩০ এএম


আসাদুজ্জামান ফুয়াদ

‘৭২-এর সংবিধান অনুযায়ী শেখ হাসিনা এখনও প্রধানমন্ত্রী’

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৫ এপ্রিল ২০২৬ ৭:৪৮ পিএম

আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, ১৯৭২ সালের সংবিধান অনুযায়ী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনও দেশের প্রধানমন্ত্রী হিসেবে বহাল আছেন। একইভাবে তিনি দাবি করেন, শেখ মুজিবুর রহমান এখনও জাতির জনক ও স্বাধীনতার ঘোষক হিসেবে বিবেচিত।

শনিবার (২৫ এপ্রিল) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমাবেশে তিনি এসব মন্তব্য করেন।

ব্যারিস্টার ফুয়াদ বলেন, শেখ হাসিনা নিজেই ভিডিও বক্তব্যে জানিয়েছেন যে তিনি পদত্যাগ করেননি এবং রাষ্ট্রপতিও কোনো পদত্যাগপত্র পাননি। এ প্রেক্ষিতে তিনি প্রশ্ন তোলেন—যদি পদত্যাগ না হয়ে থাকে, তাহলে সংবিধান অনুযায়ী তিনি এখনও প্রধানমন্ত্রী কি না। তাহলে কি দেশে দুইজন প্রধানমন্ত্রী বা দুটি সংসদের বাস্তবতা তৈরি হয়েছে—একজন বিতাড়িত, অন্যজন ক্ষমতায়?

তিনি আরও বলেন, ১৯৭২ সালের সংবিধান অনুযায়ী শেখ মুজিবুর রহমান এখনও জাতির জনক ও স্বাধীনতার ঘোষক হিসেবেই বিবেচিত।

বিএনপির রাজনীতি নিয়েও সমালোচনা করে তিনি বলেন, কিছু মূলধনকে ভিত্তি করে শুরু হওয়া রাজনৈতিক কার্যক্রম ইতোমধ্যে দুর্বল হয়ে পড়েছে। তার মতে, সেই ক্ষয়িষ্ণু পুঁজি নিয়েই আবারও ৭২-এর সংবিধানকে কেন্দ্র করে রাজনীতি শুরু হয়েছে।

তিনি দাবি করেন, বিএনপির রাজনীতি, আদর্শ এবং শহীদ জিয়াউর রহমানের রাজনৈতিক অঙ্গীকারের সঙ্গে ১৯৭২ সালের সংবিধানের কোনো সামঞ্জস্য নেই।

বর্তমান প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, ‘আপনি জুলাইয়ের গণঅভ্যুত্থান ও শহীদদের আত্মত্যাগের কারণে প্রধানমন্ত্রী—সংবিধানের কারণে নয়।’ পাশাপাশি তিনি উল্লেখ করেন, পঞ্চম সংশোধনী পুনর্বহালের প্রস্তাবও ৭২-এর সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক।

শেষে তিনি বলেন, বর্তমান সরকারের বৈধতা সংবিধান থেকে নয়, বরং ২০২৪ সালের গণঅভ্যুত্থান থেকে এসেছে বলে তার দাবি।