• ঢাকা
  • সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:৪৫ পিএম


ইরান সংঘাত অবসানে কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের বৈঠক

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৯ নভেম্বর ২০২৬ ১১:২৯ পিএম

ইরান যুদ্ধের মধ্যে কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার হোয়াইট হাউসে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানির সঙ্গে বৈঠক করবেন। হোয়াইট হাউসের সময়সূচি অনুযায়ী, রুদ্ধদ্বার এই বৈঠক অনুষ্ঠিত হবে।

ইরানের সঙ্গে সংঘাত দীর্ঘায়িত হওয়া এবং তা অবসানে কূটনৈতিক প্রচেষ্টা বড় ধরনের বাধার মুখে পড়ার মধ্যেই এ বৈঠক হতে যাচ্ছে।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, কাতারের প্রধানমন্ত্রীর পাশাপাশি দেশটির পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বও পালন করেছেন শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানি।

এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, বৈঠকে কাতারের নেতার সঙ্গে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও অংশ নেবেন।

ওয়াশিংটন ও তেহরানের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাতার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দুই পক্ষের মধ্যে প্রস্তাব আদান-প্রদান এবং ইরানের পারমাণবিক কর্মসূচি ও সংঘাত অবসানের শর্ত নিয়ে মতপার্থক্য দূর করার চেষ্টা করছে দেশটি।

এদিকে রোববার ডোনাল্ড ট্রাম্প জানান, আলোচনায় অগ্রগতি হলে এবং একটি শক্তিশালী চুক্তি হলে ইরানে নতুন করে হামলার নির্দেশ দেওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।

তবে সামরিক পদক্ষেপ আবার শুরু হলে যুক্তরাষ্ট্র হামলার জন্য সেতুসহ অতিরিক্ত অবকাঠামোগত লক্ষ্যবস্তু নির্ধারণ করে রেখেছে বলে সতর্ক করেন তিনি।

/এএসএফ