• ঢাকা
  • সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:৪৯ পিএম


ভাষাসংগ্রামী ও প্রবীণ রাজনীতিবিদ মোশাররফ হোসেন আখুঞ্জি আর নেই

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৯ নভেম্বর ২০২৬ ১১:২৮ পিএম

ভাষাসংগ্রামী ও প্রবীণ রাজনীতিবিদ মোশাররফ হোসেন আখুঞ্জি আর নেই

ভাষা আন্দোলনের অন্যতম বীর সেনানী ও প্রবীণ রাজনীতিবিদ মোশাররফ হোসেন আখুঞ্জি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার (৯ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, তাঁর কোনো জটিল রোগ ছিল না। বার্ধক্যজনিত কারণে তাঁর মৃত্যু হয়েছে।

১৯৫২ সালের ভাষা আন্দোলনে রাজশাহীতে অগ্রণী ও সক্রিয় ভূমিকা পালন করেন মোশাররফ হোসেন আখুঞ্জি। মাতৃভাষার মর্যাদা প্রতিষ্ঠার সেই ঐতিহাসিক আন্দোলনে তাঁর অবদান রাজশাহীর ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

মৃত্যুকালে তিনি এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী, স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মোশাররফ হোসেন আখুঞ্জির মরদেহ ঢাকা থেকে রাজশাহী মহানগরীর কুমারপাড়া এলাকার নিজ বাসভবনে নেওয়া হচ্ছে।

সোমবার রাতের মধ্যে তাঁর মরদেহ রাজশাহীতে পৌঁছানোর কথা রয়েছে। জানাজা ও দাফনের সময়সূচি পরে পরিবারের পক্ষ থেকে জানানো হবে।

/এএসএফ