• ঢাকা
  • সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:৪৫ পিএম


শ্রমিকদের চিকিৎসায় ছয় শিল্পাঞ্চলে ১০০ শয্যার হাসপাতাল নির্মাণ করবে সরকার

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৯ নভেম্বর ২০২৬ ১০:২৮ পিএম

শ্রমিকদের চিকিৎসায় ছয় শিল্পাঞ্চলে ১০০ শয্যার হাসপাতাল নির্মাণ করবে সরকার

শ্রমজীবী মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে দেশের ছয়টি শিল্পাঞ্চলে ১০০ শয্যাবিশিষ্ট একটি করে হাসপাতাল নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। প্রাথমিকভাবে টঙ্গী, আশুলিয়া, কালিয়াকৈর, নারায়ণগঞ্জ, সাভার ও চট্টগ্রামে এসব হাসপাতাল নির্মাণ করা হবে।

সোমবার (৯ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রথম দিনে সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাসের এক অনির্ধারিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান এ পরিকল্পনার কথা জানান।

এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

প্রধানমন্ত্রী বলেন, শ্রমিকদের চিকিৎসাসেবার বিষয়টি সংসদ সদস্য একটি গুরুত্বপূর্ণ প্রসঙ্গ হিসেবে তুলে ধরেছেন। শ্রমজীবী মানুষের সুচিকিৎসার সুবিধা নিশ্চিত করতে সরকার ইতিমধ্যে ছয়টি হাসপাতালে ১০০ শয্যা করে নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে।

তিনি বলেন, ‘বাংলাদেশের মোটামুটি যে শিল্পাঞ্চলগুলো আছে, যেমন টঙ্গী, আশুলিয়া, কালিয়াকৈর, নারায়ণগঞ্জ, সাভার ও চট্টগ্রাম—প্রাথমিকভাবে এই ছয়টি জায়গায় ১০০ শয্যার করে একটি করে হাসপাতাল তৈরি করব। এগুলো শুধুমাত্র আমাদের শ্রমিক ভাইদের চিকিৎসাসেবা প্রদান করবে।’

/এএসএফ