• ঢাকা
  • সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:৪৪ পিএম


প্রাথমিক স্তরে ভর্তি পরীক্ষা বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৯ নভেম্বর ২০২৬ ১০:০০ পিএম

প্লে-নার্সারি-কেজি কোর্স বন্ধসহ তিন দাবিতে হাইকোর্টে রিট

সরকার অনুমোদিত প্রাক-প্রাথমিক শিক্ষাক্রমের বাইরে প্লে, নার্সারি, কেজি-১ ও কেজি-২ কোর্স পরিচালনা বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। একই সঙ্গে প্রাথমিক স্তরে (দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণি) ভর্তি পরীক্ষা বন্ধ এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) অনুমোদিত পাঠ্যবইয়ের বাইরে অতিরিক্ত বাণিজ্যিক বই নিষিদ্ধের আবেদন জানানো হয়েছে।

শিশুদের মানসিক বিকাশ, শারীরিক সুস্থতা ও সহজাত সৃজনশীলতা রক্ষার স্বার্থে জনস্বার্থে এ রিট করা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন।

রিটে মন্ত্রিপরিষদ সচিব, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যানকে বিবাদী করা হয়েছে।

রিটে বলা হয়েছে, ‘প্রাথমিক শিক্ষা (বাধ্যতামূলককরণ) আইন, ১৯৯০’ অনুযায়ী প্রত্যেক শিশুর প্রাথমিক শিক্ষায় বাধাহীনভাবে ভর্তি হওয়ার অধিকার রয়েছে। কিন্তু ‘সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি নীতিমালা-২০২৭’ প্রণয়নের মাধ্যমে প্রাথমিক স্তরে শিশুদের প্রতিযোগিতামূলক ভর্তি পরীক্ষার মুখোমুখি করা হচ্ছে। এটি মূল আইনের উদ্দেশ্য ও বিধানের সঙ্গে সাংঘর্ষিক এবং আইনগত ক্ষমতাবহির্ভূত বলে রিটে উল্লেখ করা হয়েছে।

এ ধরনের পরীক্ষা শিশুদের মধ্যে অল্প বয়সেই প্রতিযোগিতার চাপ, ভীতি ও মানসিক ট্রমা তৈরি করছে বলেও দাবি করা হয়েছে।

রিটে আরও বলা হয়, ‘জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড আইন, ২০১৮’-এর বিধান উপেক্ষা করে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এনসিটিবির অনুমোদিত পাঠ্যবইয়ের বাইরে বাণিজ্যিক প্রকাশনীর অতিরিক্ত সহায়ক বই ও গাইড শিশুদের পড়তে বাধ্য করছে। এতে শিক্ষার বাণিজ্যিকীকরণের পাশাপাশি কোমলমতি শিক্ষার্থীদের ওপর অপ্রয়োজনীয় পড়াশোনার চাপ তৈরি হচ্ছে।

অতিরিক্ত বইয়ের ভারে শিশুদের শারীরিক সুস্থতা, মেরুদণ্ডের স্বাভাবিক বিকাশ এবং মানসিক সক্ষমতা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কাও রিটে তুলে ধরা হয়েছে।

এ ছাড়া ‘জাতীয় শিক্ষানীতি-২০১০’ অনুযায়ী শিশুদের জন্য এক বছরের প্রাক-প্রাথমিক শিক্ষার ব্যবস্থা রয়েছে বলে রিটে উল্লেখ করা হয়। তবে এর বাইরে বিভিন্ন কিন্ডারগার্টেন ও শিক্ষাপ্রতিষ্ঠানে প্লে, নার্সারি, কেজি-১ ও কেজি-২ নামে একাধিক স্তরের কোর্স চালু রাখা হয়েছে।

রিটকারীর দাবি, সরকার অনুমোদিত শিক্ষাক্রমের বাইরে এসব কোর্স পরিচালনার ফলে শিশুদের শৈশব ও স্বাভাবিক বিকাশ ব্যাহত হচ্ছে। একই সঙ্গে প্রাথমিক শিক্ষায় প্রবেশের আগেই তাদের বাণিজ্যিক শিক্ষাব্যবস্থার চাপে ফেলা হচ্ছে।

রিটে আরও বলা হয়, অল্প বয়সে শিশুদের ভর্তি পরীক্ষার প্রতিযোগিতা, অতিরিক্ত বইয়ের বোঝা এবং মুখস্থনির্ভর শিক্ষাব্যবস্থায় আটকে রাখার প্রবণতা তাদের মুক্তচিন্তা ও সৃজনশীল বিকাশের পথে বাধা সৃষ্টি করছে।

এসব কর্মকাণ্ড সংবিধানের ৩১ ও ৩২ অনুচ্ছেদে স্বীকৃত আইনের আশ্রয়লাভ ও জীবনধারণের অধিকার এবং ১৭ ও ২৭ অনুচ্ছেদে বর্ণিত শিক্ষাসংক্রান্ত রাষ্ট্রীয় দায়িত্ব ও আইনের দৃষ্টিতে সমতার নীতির সঙ্গে সাংঘর্ষিক বলে রিটে দাবি করা হয়েছে।

এ অবস্থায় প্রাথমিক স্তরে ভর্তি পরীক্ষা গ্রহণ, এনসিটিবির অনুমোদিত পাঠ্যবইয়ের বাইরে অতিরিক্ত বাণিজ্যিক বই পাঠ্য হিসেবে চাপিয়ে দেওয়া এবং সরকার অনুমোদিত প্রাক-প্রাথমিক শিক্ষাক্রমের বাইরে প্লে, নার্সারি, কেজি-১ ও কেজি-২ কোর্স পরিচালনা কেন বেআইনি ও আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারির আবেদন জানানো হয়েছে।

একই সঙ্গে রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এসব কার্যক্রম বন্ধে অন্তর্বর্তীকালীন আদেশ চাওয়া হয়েছে।

আইনজীবী জানিয়েছেন, রিটটি শিগগিরই হাইকোর্টের সংশ্লিষ্ট একটি দ্বৈত বেঞ্চে শুনানির জন্য উপস্থাপন করা হতে পারে।

/এএসএফ