• ঢাকা
  • সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:৩১ পিএম


রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ব’জ্রসহ বৃষ্টি, কোথাও শিলাবৃষ্টি

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৯ নভেম্বর ২০২৬ ৮:১৯ পিএম

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্তভাবে বজ্রসহ বৃষ্টিপাত হয়েছে। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হয়েছে বলে খবর পাওয়া গেছে।

সোমবার (৯ নভেম্বর) সকাল থেকেই রাজধানীর আকাশ ছিল আংশিক মেঘাচ্ছন্ন। এর আগে আবহাওয়া অধিদপ্তর ঢাকা ও দেশের আরও পাঁচ বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছিল।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশে মেঘের ঘনত্ব বাড়তে থাকে। সন্ধ্যার দিকে রাজধানীর বিভিন্ন এলাকায় প্রথমে বজ্রসহ বৃষ্টিপাত শুরু হয়। এরপর বিরতি দিয়ে থেমে থেমে বৃষ্টি হয়েছে। তবে ঢাকার সব এলাকায় বৃষ্টির দেখা মেলেনি।

রাজধানীর নতুন বাজার, বারিধারা, বসুন্ধরা আবাসিক এলাকা, উত্তরা ও মিরপুরের বিভিন্ন স্থানে বিরতি দিয়ে ভারী বৃষ্টিপাত হয়েছে। অন্যদিকে, নগরীর কয়েকটি এলাকায় বৃষ্টির পরিমাণ ছিল তুলনামূলক কম। আবার কিছু এলাকায় বৃষ্টিই হয়নি।

সোমবার সকালে দেওয়া পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানায়, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। পরে দুপুরের দিকে ঢাকা, কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলের জন্যও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়। পরবর্তী সময়ে এসব এলাকার বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হয়েছে।

রাজধানীতে বৃষ্টি শুরু হওয়ার আগেই বাতাসে শীতের হালকা আমেজ অনুভূত হচ্ছিল। অনেকের ধারণা, এই বৃষ্টির পর ধীরে ধীরে শীতের অনুভূতি আরও বাড়তে পারে।

আবহাওয়াবিদদের মতে, দেশের উত্তরাঞ্চলের কিছু এলাকায় ইতিমধ্যে শীতের আবহ অনুভূত হতে শুরু করেছে। তবে রাজধানী ঢাকায় শীতের প্রকৃত আমেজ তৈরি হতে পারে নভেম্বরের শেষ দিকে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে শীতের পোশাক ব্যবহারের প্রবণতাও বাড়তে পারে।

/এসএন