• ঢাকা
  • সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:৩১ পিএম


হালকা বৃষ্টির পর বাড়বে শীতের দাপট, ডিসেম্বরে শৈত্যপ্রবাহ

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৯ নভেম্বর ২০২৬ ৪:০৮ পিএম

হেমন্তের সকালে ঘাসের ডগায় জমে থাকা শিশিরবিন্দু, চারপাশে হালকা কুয়াশার আবরণ আর মিষ্টি রোদের উপস্থিতি—সব মিলিয়ে প্রকৃতিতে এখন শীতের আগমনী বার্তা স্পষ্ট হচ্ছে। শরতের বিদায়ের পর উত্তরের হিমেল বাতাস ধীরে ধীরে দেশের বিভিন্ন অঞ্চলে শীতের আবহ ছড়িয়ে দিচ্ছে। যদিও দিনের বেলায় এখনো স্বাভাবিকের তুলনায় রোদের তাপ বেশি অনুভূত হচ্ছে, তবে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শিগগিরই হালকা বৃষ্টির পর সারা দেশে তাপমাত্রা কমতে শুরু করতে পারে। সেই সঙ্গে আগামী ডিসেম্বরে একাধিক শৈত্যপ্রবাহের কারণে জেঁকে বসতে পারে শীত।

বর্তমানে দেশের উত্তরাঞ্চলের রাজশাহী, রংপুর ও পঞ্চগড়সহ বিভিন্ন এলাকায় ভোরের দিকে শীতের অনুভূতি স্পষ্ট হয়ে উঠেছে। ভোর ও গভীর রাতে অনেককে হালকা গরম কাপড় ব্যবহার করতে হচ্ছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের তীব্রতায় আবারও গরম অনুভূত হচ্ছে।

রাজধানী ঢাকাতেও আবহাওয়ার একই ধরনের চিত্র দেখা যাচ্ছে। দিনের বেলায় কিছুটা ভ্যাপসা গরম থাকলেও গভীর রাতে হালকা শীতের আমেজ পাওয়া যাচ্ছে।

আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি সপ্তাহে চট্টগ্রাম, রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদ নাজমুল হক এ বিষয়ে জানিয়েছেন, বৃষ্টির পর বায়ুমণ্ডলে আর্দ্রতার পরিমাণ কমে যাবে। এর ফলে তাপমাত্রা দ্রুত হ্রাস পেতে শুরু করবে এবং দেশের বিভিন্ন স্থানে শীতের অনুভূতি আরও বাড়বে।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে আগামী ডিসেম্বর ও জানুয়ারি মাসে দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে একাধিক শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কার কথা জানানো হয়েছে। বিশেষ করে দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলে এক বা একাধিক মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহের প্রবল সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদদের মতে, দিন ও রাতের তাপমাত্রার মধ্যে বড় ধরনের পার্থক্য, গভীর রাতে কুয়াশার বিস্তার এবং সামনে শৈত্যপ্রবাহের প্রভাবে মৌসুমি রোগব্যাধি ও জনভোগান্তি বাড়তে পারে। আবহাওয়ার এমন পরিবর্তনের সময়ে শিশু ও বয়োবৃদ্ধদের প্রতি বিশেষ যত্ন নেওয়ার পরামর্শ দিয়েছেন তারা। পাশাপাশি শীতের প্রকোপ বাড়ার আগেই সবাইকে প্রয়োজনীয় সতর্কতামূলক প্রস্তুতি নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

/এসএন