• ঢাকা
  • শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:৩৮ পিএম


প্রাথমিক স্কুল থেকেই এনআইডি দেওয়ার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৭ নভেম্বর ২০২৬ ১০:২৩ পিএম

প্রাথমিক স্কুল থেকেই এনআইডি দেওয়ার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন

প্রাথমিক স্কুল পর্যায় থেকেই জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেওয়ার কথা ভাবছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে অপ্রাপ্তবয়স্ক নাগরিকদের নিবন্ধন কার্যক্রম প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করার প্রস্তাব উঠেছে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।

শনিবার (৭ নভেম্বর) ইসি কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

জানা গেছে, সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচন কমিশনের এক বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়। সেখানে ইসি সচিব আখতার আহমেদ বিষয়টি উত্থাপন করেন।

বৈঠকে ৬ থেকে ১৬ বছর বয়সী অপ্রাপ্তবয়স্কদের নিবন্ধন কার্যক্রম প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করার প্রস্তাব দেন তিনি। তবে এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি।

সভায় নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী, ‘জাতীয় পরিচয়পত্র, ভোটার তালিকা এবং নির্বাচন ব্যবস্থাপনায় তথ্যপ্রযুক্তি প্রয়োগ কমিটি’র সভাপতি নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ এনআইডি-সংক্রান্ত বিষয়ে একটি কর্মশালা আয়োজনের নির্দেশনা দিয়েছেন। কর্মশালার মাধ্যমে সুপারিশ তৈরি করে তা উপস্থাপনের জন্য এনআইডি মহাপরিচালককে দায়িত্ব দেওয়া হয়েছে।

বর্তমানে ১৭ বছর বয়স থেকে এনআইডি সেবা দিয়ে আসছে নির্বাচন কমিশন। এর চেয়ে কম বয়সী নাগরিকদেরও এ সেবার আওতায় আনার দাবি জানিয়ে আসছে বিভিন্ন মহল।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, বর্তমানে দেশে ভোটার সংখ্যা ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন। তাঁদের সবারই জাতীয় পরিচয়পত্র রয়েছে। এদের বেশির ভাগই ১৮ বছর পূর্ণ হওয়ার পর এনআইডি পেয়েছেন। তবে কিছু নাগরিক ১৭ বছর বয়সেই পরিচয়পত্র পেয়েছেন।

নির্বাচন কমিশনের নতুন ভাবনা বাস্তবায়িত হলে প্রাথমিক বিদ্যালয় পর্যায় থেকেই নাগরিকদের এনআইডি দেওয়ার কার্যক্রম শুরু হতে পারে। তবে এর আগেও এ ধরনের উদ্যোগের কথা ভেবেছিল কমিশন। কিন্তু তখন সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়নি।

/এএসএফ