• ঢাকা
  • সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:৪৯ পিএম


কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে হচ্ছে চবির টিএসসি, থাকবে আধুনিক লাইব্রেরি ও ক্যাফেটেরিয়া

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৭ নভেম্বর ২০২৬ ৭:১৩ পিএম

প্রতিষ্ঠার ৬০ বছর পর প্রথমবারের মতো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে নির্মাণ করা হচ্ছে ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি)। এ জন্য ৪৯ কোটি ৩৩ লাখ টাকা ব্যয়ে সরকারি অর্থায়নে একটি উন্নয়ন প্রকল্প নেওয়া হয়েছে, যা বর্তমানে চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

পাঁচতলা এই ভবন নির্মিত হলে শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকেরা একই জায়গা থেকে পড়াশোনা ও গবেষণার জন্য প্রয়োজনীয় বিভিন্ন সেবা পাবেন। পাশাপাশি একাডেমিক আলোচনা, সেমিনার, কর্মশালা ও সাংস্কৃতিক আয়োজনের সুযোগ তৈরি হবে। এর মধ্য দিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের জন্য একটি কেন্দ্রীয় মিলনকেন্দ্র গড়ে তোলার দীর্ঘদিনের দাবি পূরণ হতে যাচ্ছে।

পরিকল্পনা কমিশন ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) সূত্রে জানা গেছে, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্র নির্মাণ’ শীর্ষক উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) অনুমোদনের শেষ পর্যায়ে রয়েছে।

চট্টগ্রাম শহর থেকে প্রায় ২২ কিলোমিটার উত্তরে হাটহাজারীতে অবস্থিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। দীর্ঘদিন ধরেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের পাঠ্যবই, রেফারেন্স বই, গবেষণা সাময়িকীসহ বিভিন্ন একাডেমিক উপকরণ সংগ্রহ করতে সমস্যায় পড়তে হচ্ছে। ক্যাম্পাস শহর থেকে দূরে হওয়ায় এসব প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহের জন্য অনেককেই চট্টগ্রাম শহরে যেতে হয়।

এই সমস্যা কমাতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে প্রস্তাবিত টিএসসি ভবন নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। এর মাধ্যমে প্রয়োজনীয় একাডেমিক উপকরণ ও বিভিন্ন সেবা ক্যাম্পাসেই নিশ্চিত করার পাশাপাশি শহরের ওপর নির্ভরশীলতা কমানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া একাডেমিক আলোচনা, সেমিনার, কর্মশালা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনার জন্যও কেন্দ্রটি একটি সমন্বিত স্থান হিসেবে ব্যবহৃত হবে।

টিএসসিতে যেসব সুবিধা থাকছে

প্রকল্প অনুযায়ী, ১০ হাজার ৪৮০ বর্গমিটার আয়তনের পাঁচতলা ভবনটিতে শিক্ষার্থী ও গবেষকদের প্রয়োজনীয় বিভিন্ন সুবিধা রাখা হবে। এর মধ্যে রয়েছে বইয়ের দোকান, একাডেমিক বই ও গবেষণাসামগ্রী সংগ্রহের ব্যবস্থা, আধুনিক ডিজিটাল লাইব্রেরি, পাঠকক্ষ এবং পড়াশোনার জন্য নির্ধারিত জায়গা।

এ ছাড়া ভবনটিতে থাকবে কনভেনিয়েন্স স্টোর, এটিএম বুথ, প্রিন্টিং ও ফটোকপি সেবা, ক্যাফেটেরিয়া এবং রেস্তোরাঁ। সেমিনার, কর্মশালা, একাডেমিক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের জন্য লেকচার হলসহ প্রয়োজনীয় অন্যান্য ব্যবস্থাও রাখা হবে।

প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের সহজে চলাচলের সুবিধার্থে ভবনে র‍্যাম্প, প্রবেশগম্য লিফট এবং তাঁদের উপযোগী শৌচাগার নির্মাণের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি মাতৃদুগ্ধ পান করানোর কক্ষ ও নামাজের কক্ষও থাকবে।

অন্যান্য অবকাঠামোগত সুবিধার মধ্যে রয়েছে সৌরবিদ্যুৎ ব্যবস্থা, ২০০ কেভিএ জেনারেটর, দুটি যাত্রীবাহী লিফট এবং অগ্নিনিরাপত্তা ব্যবস্থা।

প্রকল্প প্রস্তাবের তথ্য অনুযায়ী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মোট ক্যাম্পাসের আয়তন ২ হাজার ৩১২ দশমিক ৩২ একর। এখানে বর্তমানে শিক্ষার্থী রয়েছেন ২৬ হাজার ৬৭৮ জন এবং শিক্ষক ১ হাজার ১০ জন।

শিক্ষার্থী ও গবেষকদের প্রয়োজনীয় সহায়তা দিতে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক সুবিধা আরও সম্প্রসারণের প্রয়োজনীয়তার কথা প্রকল্প প্রস্তাবে উল্লেখ করা হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে একাডেমিক যোগাযোগ, গবেষণা এবং বুদ্ধিবৃত্তিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে। একই সঙ্গে শিক্ষাসংক্রান্ত প্রয়োজনীয় উপকরণ পাওয়ার সুযোগও বাড়বে বলে আশা করা হচ্ছে।

প্রস্তাবে আরও বলা হয়েছে, এই কেন্দ্র বিশ্ববিদ্যালয়ে আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর জ্ঞানসম্পন্ন স্নাতক ও গবেষক তৈরিতে সহায়ক হবে। পাশাপাশি প্রতিযোগিতামূলক বৈশ্বিক পরিবেশের উপযোগী দক্ষ মানবসম্পদ গড়ে তোলার ক্ষেত্রেও ভূমিকা রাখবে।

প্রকল্পের ব্যয় ৪৯ কোটি ৩৩ লাখ টাকা

টিএসসি নির্মাণ প্রকল্পের মোট প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৪৯ কোটি ৩৩ লাখ টাকা। এর মধ্যে শুধু ভবন নির্মাণের জন্য ৪৩ কোটি টাকা ব্যয়ের প্রস্তাব করা হয়েছে।

প্রতিদিন সেবা পাবেন ২ হাজার মানুষ

প্রকল্পের যৌক্তিক কাঠামো অনুযায়ী, টিএসসি চালু হলে প্রতিদিন প্রায় ২ হাজার শিক্ষক, শিক্ষার্থী ও গবেষক এখান থেকে বিভিন্ন সেবা নিতে পারবেন।

এ ছাড়া শিক্ষাসামগ্রী ও গবেষণা সাময়িকী সংগ্রহের ক্ষেত্রে চট্টগ্রাম শহরের ওপর নির্ভরতা ৫০ শতাংশ কমিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্রকল্পটি ২০২৯ সালের ৩০ জুনের মধ্যে বাস্তবায়ন শেষ করার সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান বলেন, এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি পূরণের পাশাপাশি শিক্ষক, শিক্ষার্থী, গবেষক ও প্রাক্তন শিক্ষার্থীদের জন্য একাডেমিক সুবিধা সম্প্রসারিত হবে।

তিনি বলেন, ‘শহর থেকে দূরে হওয়ায় আমাদের শিক্ষার্থীরা প্রয়োজনীয় শিক্ষাসামগ্রী ও রেফারেন্স বইয়ের সংকটে ভোগে। এ ছাড়া শ্রেণিকক্ষের বাইরে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া এবং সুস্থ সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য ক্যাম্পাসে অবকাঠামোর ঘাটতি ছিল।’

টিএসসি নির্মিত হলে বিশ্ববিদ্যালয়ে একাডেমিক ও গবেষণার সুযোগ বাড়বে বলে জানান উপাচার্য। একই সঙ্গে প্রয়োজনীয় শিক্ষাসামগ্রী সংগ্রহের জন্য শিক্ষক-শিক্ষার্থীদের শহরে যাওয়ার প্রয়োজনও কমে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।

পরিকল্পনা কমিশন সূত্র জানিয়েছে, প্রকল্পটির যাচাই-বাছাই প্রক্রিয়া ইতোমধ্যে শেষ হয়েছে। বর্তমানে এটি চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

প্রকল্পের মোট ব্যয় ৫০ কোটি টাকার কম হওয়ায় প্রচলিত নিয়ম অনুযায়ী পরিকল্পনামন্ত্রী এটি অনুমোদন করবেন। চলতি মাসের মধ্যেই প্রকল্পটি চূড়ান্ত অনুমোদন পেতে পারে বলে আশা করা হচ্ছে।

এর আগে গত ১৯ জুলাই প্রকল্পটি নিয়ে প্রকল্প মূল্যায়ন কমিটির (পিইসি) সভা অনুষ্ঠিত হয়। ওই সভার সিদ্ধান্ত অনুযায়ী উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) সংশোধন করা হয়েছে। সংশোধিত প্রস্তাবটি সম্প্রতি আবার পরিকল্পনা কমিশনে জমা দেওয়া হয়েছে।

/এসএন