• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:৫৫ পিএম


জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ, তদন্তে পুলিশ

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৬ নভেম্বর ২০২৬ ১০:১২ পিএম


চাঁদপুরে জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি এবং শহীদদের স্মরণে নির্মিত ৩৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অবস্থিত স্মৃতিস্তম্ভটির বেদিতে আগুন দেওয়া হয়। এতে স্মৃতিস্তম্ভের নিচের বেশ কয়েকটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের দেওয়া তথ্য এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, দুর্বৃত্তরা স্মৃতিস্তম্ভের বেদির নিচে পেট্রোল ও টায়ার ব্যবহার করে আগুন ধরিয়ে দেয়। আগুন জ্বলে ওঠার পরপরই তারা দ্রুত ঘটনাস্থল ছেড়ে চলে যায়।

আগুন ছড়িয়ে পড়তে শুরু করলে স্থানীয় বাসিন্দারা ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের খবর ছড়িয়ে পড়ার পর ছাত্র আন্দোলনের শিক্ষার্থী এবং ছাত্রদলের নেতাকর্মীরা ঘটনাস্থলে গিয়ে স্মৃতিস্তম্ভটি পরিদর্শন করেন। এদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ জানান, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়। দুর্বৃত্তরা স্মৃতিস্তম্ভে আগুন ধরিয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

/এসএন