• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:২৩ পিএম


‘রাজুকে যেভাবে অপদস্থ করা হয়েছে, তীব্র নিন্দা জানাই’—রাশেদ খাঁন

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৬ নভেম্বর ২০২৬ ৩:৩৩ পিএম


ঢাকার আদালত প্রাঙ্গণে দৈনিক সমকালের মাল্টিমিডিয়া রিপোর্টার রবিউল ইসলাম রাজুকে চিত্রনায়িকা পরীমনি অশালীন ভাষায় গালিগালাজ ও হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। একই সঙ্গে সাংবাদিক রাজুর প্রতি সমর্থন জানিয়ে তিনি বলেছেন, ‘আমরা রাজুর সঙ্গে আছি।’

শুক্রবার (৬ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে রাশেদ খাঁন এ প্রতিক্রিয়া জানান।

পোস্টে তিনি ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় নুরুল হক নুরের একটি বক্তব্যের পেছনের ঘটনা তুলে ধরেন। রাশেদ খাঁন লেখেন, ‘শেখ হাসিনার ৯০ পার্সেন্ট পতন হয়ে গেছে, ১০ পার্সেন্ট ধাক্কা দাও।’ তখন গুঁড়িগুঁড়ি বৃষ্টি পড়ছিল। নুরুল হক নুরকে আদালতে তোলার জন্য আনা হয়েছিল। বৃষ্টির কারণে দুজন সাংবাদিক ছাড়া অন্যরা বারান্দাসহ বিভিন্ন জায়গায় অবস্থান নিয়েছিলেন।

ঘটনার বর্ণনা দিয়ে তিনি আরও লেখেন, ‘পুলিশ নুরুল হক নুরকে যখন লিফটে তুলবে, তখন সমকালের মাল্টিমিডিয়া রিপোর্টার রবিউল ইসলাম রাজু নুরুল হক নুরকে প্রশ্ন করে বলেন-নুর ভাই আন্দোলন তো বন্ধ হয়ে গেছে, আপনার কোনো বার্তা আছে? তখন নুরুল হক নুর বলেন-শেখ হাসিনার ৯০% পতন হয়ে গেছে, ১০% ধাক্কা দাও…..। ভিডিওটি সমকালের পেজ থেকে আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। সব গণমাধ্যম এই ভিডিও প্রচার করে। জাতি পায় নতুন শক্তি ও সাহস ও নির্দেশনা। আজকের দিনে হয়তো কিছু মানুষের কাছে এই বক্তব্যের গুরুত্ব নেই। কিন্তু গণঅভ্যুত্থানের সময় এটিই ছিল সবচেয়ে সাহসী ও ক্ষুরধার বক্তব্য।’

রাশেদ খাঁন বলেন, অনেকেই নুরুল হক নুরের ওই বক্তব্য শুনেছেন, কিন্তু এর পেছনের ঘটনা সম্পর্কে জানেন না। তার ভাষ্য অনুযায়ী, ওই বক্তব্য সামনে আনার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল সমকালের মাল্টিমিডিয়া রিপোর্টার রবিউল ইসলাম রাজুর।

রাজুর ব্যক্তিত্ব ও আচরণের প্রশংসা করে রাশেদ খাঁন লেখেন, ছেলেটি অত্যন্ত অমায়িক ও ভালো। তাকে কখনো রাগতে দেখেননি তিনি। সব সময় পরিপাটি থাকেন রাজু। তার পোশাক-আশাকের মতোই আচরণ, কথাবার্তা ও ব্যবহারও পরিপাটি এবং মৃদু বলে উল্লেখ করেন তিনি।

রাজুর শারীরিক প্রতিবন্ধকতার বিষয়টিও পোস্টে তুলে ধরেন রাশেদ খাঁন। তিনি লেখেন, ‘ছেলেটির এক হাতে জন্মগতভাবে ত্রুটি আছে। এটি তাকে কখনো কোনো বাধা সৃষ্টি করতে পারে নি। বরং স্বাভাবিক অনেকের চেয়ে তার ক্যামেরা ধরার স্টাইল ও ভিডিও এডিটিং সুন্দর।’

রাজুর সাংবাদিকতা জীবনের সফলতা কামনা করে রাশেদ খাঁন আরও লেখেন, তাকে যেভাবে দোষারোপ করে অপদস্থ করা হয়েছে, সেই ঘটনার তীব্র নিন্দা ও ঘৃণা জানাচ্ছেন তিনি। পোস্টের শেষাংশে সাংবাদিক রাজুর প্রতি সমর্থন জানিয়ে তিনি বলেন, ‘আমরা রাজুর সঙ্গে আছি, ইনশাআল্লাহ।’

/এসএন