• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৩১ এএম


টেকনাফের পাহাড়ে যৌথ বাহিনীর অভি’যান, মানব পা’চারকারিদের গু’লিতে সেনাসদস্য নিহ’ত

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৬ নভেম্বর ২০২৬ ৮:৩২ এএম


কক্সবাজারের টেকনাফে মানব পাচার চক্রের সদস্যদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলির ঘটনায় সেনাসদস্য মো. তিতাস শেখ (২৮) নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে রামুর ১০ পদাতিক ডিভিশনের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ অভিযানে মানব পাচারের শিকার ৫৭ জনকে উদ্ধার করা হয়েছে। পাশাপাশি অস্ত্রসহ তিনজনকে আটক করেছে যৌথ বাহিনী।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) বিকেলে টেকনাফের হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী এলাকার দুর্গম পাহাড়ে এ গোলাগুলির ঘটনা ঘটে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) তথ্য অনুযায়ী, মানব পাচারকারীদের বিরুদ্ধে যৌথ বাহিনীর অভিযান চলাকালে সশস্ত্র ব্যক্তিদের সঙ্গে গোলাগুলি শুরু হয়। এ সময় সেনাসদস্য তিতাস শেখ গুলিবিদ্ধ হন।

নিহত তিতাস শেখের বাড়ি ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া গ্রামে। তাঁর বাবার নাম আফজাল হোসেন। তিনি বিবাহিত ছিলেন এবং টেকনাফের রঙ্গিখালী আর্মি ক্যাম্পে কর্মরত ছিলেন।

১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি মো. কাওসার সিকদার জানান, পাহাড়ে যৌথ বাহিনীর অভিযান চলাকালে সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলিতে তিতাস শেখ আহত হন। পরে রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র জানায়, বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে অভিযান চলার সময় সন্ত্রাসীদের ছোড়া গুলি তিতাসের বুকের বাঁ পাশের ওপরের অংশে লাগে। আহত অবস্থায় তাঁকে প্রথমে টেকনাফের লেদা আইআরসি রোহিঙ্গা হাসপাতালে নেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে অ্যাম্বুলেন্সে করে রামুর সিএমএইচে স্থানান্তর করা হয়। সেখানে জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টা ৪৮ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রের ভাষ্য অনুযায়ী, সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে টেকনাফের বিভিন্ন পাহাড়ি এলাকায় দুই শতাধিক মানুষকে আটকে রেখেছিল একটি পাহাড়ি সন্ত্রাসী গোষ্ঠী। তাঁদের উদ্ধারে বৃহস্পতিবার বেলা দুইটা থেকে বিকেল ৫টা ২০ মিনিট পর্যন্ত যৌথ বাহিনী অভিযান চালায়।

রোহিঙ্গা আশ্রয়শিবির ২৪ ও ২৬-এর মধ্যবর্তী কাঁটাতারের বেড়া থেকে প্রায় ৮ থেকে ১০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত দুর্গম পাহাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্ত্রাসী গোষ্ঠীর সদস্যদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলির ঘটনা ঘটে।

অভিযান শেষে মানব পাচারের শিকার ৫৭ জনকে উদ্ধার করা হয়। এ ছাড়া ঘটনাস্থল থেকে দেশে তৈরি একটি ওয়ান শুটার গান ও একটি পিস্তল উদ্ধার করা হয়েছে। অস্ত্রসহ তিনজনকে আটক করার তথ্যও জানিয়েছে যৌথ বাহিনী।

/এসএন