যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরানের প্রধান মধ্যস্থতাকারী মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, মার্কিন মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজিত করে ডেমোক্র্যাটদের বিজয়ের মধ্য দিয়ে দেশটির জনগণ ‘যুদ্ধের বিরুদ্ধে’ নিজেদের অবস্থান জানিয়েছেন।মধ্যবর্তী নির্বাচনে বড় ধরনের অপ্রত্যাশিত জয়ের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ পেয়েছে ডেমোক্র্যাটরা। এই নির্বাচনি ফলাফলকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তাঁর দলের প্রতি মার্কিন জনগণের প্রত্যাখ্যানের বার্তা হিসেবে দেখা হচ্ছে।বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গালিবাফ মার্কিন নির্বাচনের ফলাফল নিয়ে মন্তব্য করেন। সেখানে তিনি লেখেন, বিবেকের তাড়নায় হোক কিংবা জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ার চাপে, মার্কিনিরা যুদ্ধের বিরুদ্ধে ভোট দিয়েছেন। ইরান এই বার্তাকে সমর্থন করে।গালিবাফ আরও বলেন, যুক্তরাষ্ট্র সরকার যদি আন্তর্জাতিক প্রভু ও ব্ল্যাকমেইলারদের স্বার্থ রক্ষার জন্য নিজেদের জনগণের ইচ্ছার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, তাহলে তাদের এর পরিণতি ভোগ করতে হবে।তিনি সতর্ক করে বলেন, ইরানের ‘না’ বলার পরিণতি যুক্তরাষ্ট্রের জন্য একটি দুঃস্বপ্ন হয়ে উঠবে।
/বিএসএস