• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:৫৪ এএম


ছেলের বিয়ের দিন বাবার জানাজা, শো/কে স্তব্ধ পরিবার

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৪ নভেম্বর ২০২৬ ৭:২৬ পিএম

পাঁচ বছর পর সৌদি আরব থেকে দেশে ফিরেছিলেন শাহাদাত হোসেন (২৬)। পরিবারে চলছিল তার বিয়ের আয়োজন। বুধবার (৪ নভেম্বর) ছিল বিয়ের দিন। দীর্ঘ প্রতীক্ষার পর ছেলের বিয়েকে ঘিরে পরিবারের সদস্যদের মধ্যে ছিল আনন্দ-উচ্ছ্বাস। কিন্তু সেই আনন্দ মুহূর্তেই বিষাদে রূপ নেয়। বিয়ের আগের রাতে মারা যান বাবা শাহ আলম (৫৩)। ফলে নিজের বিয়ের দিনেই বাবার জানাজা ও দাফন সম্পন্ন করতে হয়েছে শাহাদাতকে।মর্মান্তিক এ ঘটনা ঘটেছে নোয়াখালীর সেনবাগ উপজেলার ডমুরুয়া ইউনিয়নের পরিকোট গ্রামের বলুমুন্সি বাড়িতে। বুধবার সকাল ১০টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে শাহ আলমের দাফন সম্পন্ন হয়।স্থানীয় ব্যবসায়ী নূর আফসার সজীব বলেন, ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক। যে পরিবারে আনন্দের মুহূর্ত উদ্‌যাপনের প্রস্তুতি চলছিল, সেখানে হঠাৎ নেমে এসেছে শোকের ছায়া। এখন দুঃখ প্রকাশ করা ছাড়া আর কিছুই করার নেই। বিয়ের সব কার্যক্রম বন্ধ রেখে মরদেহ দাফন করা হয়েছে।সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এরফানুল হক চৌধুরী জানান, হৃদয়বিদারক খবরটি তিনি শুনেছেন। ছেলের গায়েহলুদের দিনে বাবার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন তিনি। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।পরিবার সূত্রে জানা গেছে, শাহ আলমের মৃত্যুর কারণে শাহাদাতের বিয়ের সব আনুষ্ঠানিকতা আপাতত স্থগিত করা হয়েছে। পরবর্তী সময়ে বিয়ের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।দীর্ঘ পাঁচ বছর পর প্রবাস থেকে দেশে ফিরে ছেলের বিয়েকে ঘিরে যে পরিবারে আনন্দের আয়োজন চলছিল, সেখানে এখন শুধুই শোক আর স্বজন হারানোর বেদনা। নিজের জীবনের বিশেষ দিনটি বাবার জানাজা ও দাফনের মধ্য দিয়ে কাটাতে হয়েছে শাহাদাতকে।

/বিএসএস