• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৪:৪৩ এএম


যুক্তরাষ্ট্রের কংগ্রেসে ফের নির্বাচিত দুই মুসলিম নারী ইলহান ওমর ও রাশিদা তালিব

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৪ নভেম্বর ২০২৬ ৬:১২ পিএম

যুক্তরাষ্ট্রের কংগ্রেসের প্রতিনিধি পরিষদে আবারও নির্বাচিত হয়েছেন দুই মুসলিম নারী রাজনীতিক ইলহান ওমর ও রাশিদা তালিব। ডেমোক্র্যাটিক পার্টির এই দুই সদস্য নিজ নিজ অঙ্গরাজ্যে জয়লাভ করে কংগ্রেসে নিজেদের অবস্থান ধরে রেখেছেন। ইসরায়েলের কড়া সমালোচক হিসেবে পরিচিত তারা দীর্ঘদিন ধরে ফিলিস্তিনিদের অধিকার ও গাজায় ইসরায়েলি সামরিক অভিযানের বিরুদ্ধে সোচ্চার।মিনেসোটা অঙ্গরাজ্য থেকে পুনর্নির্বাচিত হয়েছেন ইলহান ওমর। নির্বাচনের প্রায় তিন সপ্তাহ আগে অভিবাসনসংক্রান্ত নথি নিয়ে তদন্তের অংশ হিসেবে কেন্দ্রীয় তদন্ত সংস্থার কর্মকর্তারা তার বাড়িতে তল্লাশি চালান। এ ঘটনাকে কেন্দ্র করে ওমর অভিযোগ অস্বীকার করেন এবং দাবি করেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন রাজনৈতিক উদ্দেশ্যে তাকে হয়রানি করছে।অন্যদিকে, মিশিগান অঙ্গরাজ্য থেকে জয়ী হয়ে পঞ্চমবারের মতো প্রতিনিধি পরিষদের সদস্য নির্বাচিত হয়েছেন রাশিদা তালিব। ফিলিস্তিনি বংশোদ্ভূত প্রথম নারী হিসেবে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত হওয়ার ইতিহাস রয়েছে তার। কংগ্রেসে দায়িত্ব পালনকালে ফিলিস্তিন ইস্যুতে বিভিন্ন সময়ে সরব ভূমিকা রেখেছেন তিনি।ইলহান ওমর ও রাশিদা তালিব দুজনই ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা বন্ধের দাবি জানিয়ে আসছেন। তাদের অভিযোগ, গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। এ ইস্যুতে মার্কিন সরকারের নীতিরও সমালোচনা করেছেন তারা।এদিকে, প্রতিনিধি পরিষদের নির্বাচনে এখন পর্যন্ত ডেমোক্র্যাটিক পার্টি ২০৬টি আসনে এবং রিপাবলিকান পার্টি ১১৯টি আসনে জয় পেয়েছে।

সূত্র: ফক্স নিউজ

/বিএসএস