• ঢাকা
  • সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:২৩ পিএম


পবিত্র কাবার ভেতরে প্রবেশ করলেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট তিনুবু

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২ নভেম্বর ২০২৬ ১০:৩২ পিএম

উমরাহ পালনকালে সৌদি আরবের মক্কায় মসজিদ আল-হারামে অবস্থিত পবিত্র কাবা ঘরের ভেতরে প্রবেশ করেছেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা আহমেদ তিনুবু। এই সুযোগকে তিনি ‘বিরল ও ঐতিহাসিক আধ্যাত্মিক সম্মান’ হিসেবে বর্ণনা করেছেন।

২০১৬ সালে সাবেক প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারির পর বোলা তিনুবুই দ্বিতীয় নাইজেরীয় প্রেসিডেন্ট, যিনি পবিত্র কাবা শরিফের অভ্যন্তরে প্রবেশের সুযোগ পেলেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, প্রেসিডেন্ট তিনুবু পবিত্র কাবা ঘরের ভেতরে প্রবেশ করছেন। পরে তাঁকে হাজরে আসওয়াদে (কালো পাথর) চুম্বন করতেও দেখা যায়। ভিডিওতে তাঁর সফরসঙ্গী ও প্রতিনিধি দলের সদস্যদেরও কাবার ভেতরে অবস্থান করতে দেখা গেছে।

এই বিরল সুযোগ ও সম্মান দেওয়ার জন্য নাইজেরিয়ার প্রেসিডেন্ট সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ এবং যুবরাজ মোহাম্মদ বিন সালমানের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

কাবার ভেতরের অভিজ্ঞতা নিয়ে যা বললেন তিনুবু

নাইজেরিয়ার প্রেসিডেন্টের কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে তিনুবু এই অভিজ্ঞতাকে ‘গভীরভাবে লালিত এক আধ্যাত্মিক মুহূর্ত’ বলে অভিহিত করেন।

তিনি বলেন, “আমাদের প্রতি আস্থা রাখা এবং এমন সম্মান দেওয়ার জন্য আমি অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই। কাবা ঘরের আশপাশের গালিচা ও নকশায় সবুজ আর সাদা রঙের উপস্থিতি দেখে আমার বিশ্বাসই হচ্ছিল না, কারণ এটি হুবহু আমাদের নাইজেরিয়ার জাতীয় পতাকার রঙের কথা মনে করিয়ে দেয়।”

সৌদি নেতৃত্বের আতিথেয়তার প্রশংসা করে তিনি আরও বলেন, “এটি এমন একটি সম্মান, যা আমি সত্যিই উপভোগ করেছি। তাঁরা আমাকে পবিত্র কাবার ভেতরে প্রবেশের অনুমতি দিয়ে যে উদারতা দেখিয়েছেন, তা সত্যিই ঐতিহাসিক।”

কাবা ঘরের ভেতরে নিজের প্রার্থনার বিষয়ে তিনুবু জানান, নাইজেরিয়ার জনগণের সেবা চালিয়ে যাওয়ার জন্য তিনি মহান আল্লাহর কাছে বিশেষ প্রজ্ঞা ও সহনশীলতা চেয়েছেন।

নির্বাচনের আগে করা প্রতিশ্রুতি পূরণে উমরাহ

২০২৩ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগের স্মৃতিচারণ করে তিনুবু বলেন, “নির্বাচনের আগে উমরাহ করতে এসে আল্লাহর রহমত প্রার্থনা করেছিলাম এবং প্রতিজ্ঞা করেছিলাম যে, বিজয়ী হলে কৃতজ্ঞতা জানাতে আবার ফিরে আসব।”

এ সময় তিনি পবিত্র কোরআনের সূরা আলে ইমরানের ২৬ নম্বর আয়াতের কথা উল্লেখ করেন। ওই আয়াতে বলা হয়েছে, আল্লাহ যাকে ইচ্ছা সার্বভৌম ক্ষমতা ও রাজত্ব দান করেন এবং যার কাছ থেকে ইচ্ছা তা কেড়ে নেন।

আয়াতটির প্রসঙ্গ টেনে তিনি বলেন, সকল ক্ষমতা ও কর্তৃত্বের প্রকৃত মালিক একমাত্র মহান আল্লাহ। তাই এই দায়িত্ব অত্যন্ত সতর্কতার সঙ্গে পালন করা উচিত।

নাইজেরিয়ার রাষ্ট্রপ্রধান ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে দায়িত্ব পাওয়াকে আল্লাহর ঐশ্বরিক অনুগ্রহ হিসেবে অভিহিত করে দেশের নেতৃত্ব দেওয়ার সুযোগ পাওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

তিনুবু জানান, এই আধ্যাত্মিক অভিজ্ঞতা নাইজেরিয়াকে সমৃদ্ধ ও উন্নত করার ক্ষেত্রে তাঁর দৃঢ়সংকল্প আরও বাড়িয়ে দিয়েছে। তিনি বলেন, “দেশের মানুষের প্রত্যাশা এবং মহান আল্লাহর ইচ্ছা অনুযায়ী নাইজেরিয়াকে নতুন এক সমৃদ্ধির পথে এগিয়ে নিতে আমার প্রতিশ্রুতি এখন আরও দৃঢ়।”

প্রেসিডেন্ট হওয়ার পর দ্বিতীয়বার উমরাহ

২০২৩ সালের ২৯ মে নাইজেরিয়ার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি বোলা তিনুবুর দ্বিতীয় উমরাহ সফর। এর আগে ২০২৩ সালের নভেম্বরে রিয়াদে অনুষ্ঠিত ‘সৌদি-আফ্রিকা শীর্ষ সম্মেলন’ শেষে তিনি প্রথমবার উমরাহ পালন করেছিলেন।

বর্তমান সফরের উদ্দেশ্যে গত ২৯ অক্টোবর আবুজা ত্যাগ করে সৌদি আরব পৌঁছান তিনি। ৩০ অক্টোবর মসজিদ আল-হারামে উমরাহ পালন শেষে ২ নভেম্বর সোমবার পবিত্র কাবার অভ্যন্তরে প্রবেশ করেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট।

/এএসএফ