• ঢাকা
  • বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:১৩ পিএম


ইসলামাবাদে ট্রাম্পের “জামাতা কার্ড” কী আদৌ কাজ করবে?

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৫ এপ্রিল ২০২৬ ৮:০২ এএম

মার্কিন–ইরান উত্তেজনার প্রেক্ষাপটে নতুন করে কূটনৈতিক তৎপরতা শুরু হচ্ছে। ডোনাল্ড ট্রাম্প তাঁর বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জামাতা জ্যারেড কুশনারকে পাকিস্তানে পাঠাচ্ছেন, যেখানে তারা ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে আলোচনায় অংশ নেবেন।
মার্কিন প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এই সফরে থাকছেন না। কারণ ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফও আলোচনায় অংশ নিচ্ছেন না। হোয়াইট হাউসের মূল্যায়নে গালিবাফকে ইরানি প্রতিনিধি দলের শীর্ষ পর্যায়ের প্রতিনিধি এবং ভ্যান্সের সমমর্যাদার হিসেবে বিবেচনা করা হয়।
তবে পরিস্থিতির অগ্রগতির ওপর ভিত্তি করে ভ্যান্স যেকোনো সময় ইসলামাবাদ সফরে যেতে প্রস্তুত আছেন। তার দপ্তরের কর্মকর্তারা ইতোমধ্যেই পাকিস্তানে অবস্থান করবেন এবং আলোচনায় অংশ নেবেন।
এর আগে, গত ১১ ও ১২ এপ্রিল ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরান–এর মধ্যে প্রায় ২১ ঘণ্টাব্যাপী সরাসরি বৈঠক হয়েছিল। তবে ওই বৈঠক কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়। সেখানে ইরানের পক্ষ থেকে গালিবাফ এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ভ্যান্স প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন। মার্কিন প্রতিনিধি দলে উইটকফ ও কুশনারও ছিলেন।
এরও আগে, ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর আগে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কয়েক দফা পরোক্ষ আলোচনা হয়, যেখানে ওমান মধ্যস্থতার ভূমিকা পালন করে। এসব আলোচনায় মার্কিন দলের নেতৃত্ব দেন উইটকফ ও কুশনার, আর মূল আলোচ্য বিষয় ছিল তেহরানের পারমাণবিক কর্মসূচি।