• ঢাকা
  • মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ০৯:০০ এএম


দ্বিতীয় দফার বৈঠকের আভাস, ইসলামাবাদে ইরানি পররাষ্ট্রমন্ত্রী

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৫ এপ্রিল ২০২৬ ১২:২১ এএম

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য দ্বিতীয় দফার শান্তি আলোচনা ঘিরে জল্পনার মধ্যে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ সফরে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।শুক্রবার (২৪ এপ্রিল) রাতে তার ইসলামাবাদে পৌঁছানোর কথা রয়েছে বলে ইরান সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। এক বার্তায় বলা হয়, আরাঘচি একটি আঞ্চলিক সফরে অংশ নিচ্ছেন, যার মধ্যে ইসলামাবাদের পাশাপাশি মাসকাট এবং মস্কো-ও রয়েছে।এই সফরে দ্বিপাক্ষিক সম্পর্ক, আঞ্চলিক পরিস্থিতি এবং ইরানে চলমান যুদ্ধের সর্বশেষ অবস্থা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। তবে সম্ভাব্য ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।এর আগে আইআরএনএ জানায়, আরাঘচি ইসলামাবাদ, মাসকাট ও মস্কো সফরে যাচ্ছেন। পাকিস্তান সরকারের একাধিক সূত্রও নিশ্চিত করেছে যে, তিনি শুক্রবার রাতেই ইসলামাবাদে পৌঁছাতে পারেন।এদিকে, গত কয়েকদিন ধরে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স-এর ইসলামাবাদ সফর এবং সম্ভাব্য শান্তি আলোচনায় অংশগ্রহণ নিয়ে আলোচনা চলছিল। তবে এখন পর্যন্ত এ বিষয়ে দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি।এর মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধবিরতির সময়সীমা বাড়ানোর ঘোষণা দেন এবং নৌপথে অবরোধ অব্যাহত রাখার কথা জানান।গত ফেব্রুয়ারিতে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর সৃষ্ট আঞ্চলিক সংকট নিরসনে পাকিস্তান মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। ইতোমধ্যে প্রথম দফার আলোচনা অনুষ্ঠিত হলেও তা ফলপ্রসূ হয়নি। বর্তমানে দ্বিতীয় দফার বৈঠকের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে ইসলামাবাদ, যার অংশ হিসেবে শহরজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।